নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য পদের যোগ্য: সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি সমর্থন করেছেন। আজ শনিবার চার দিনের সফরে ভারতে এসে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস রিচার্স অরগাইনাইজেশনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।সারকোজি ভারতের পাঁচ শতাধিক বিজ্ঞানী ও শিক্ষার্থীর উপস্থিতিতে বলেন, ‘ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা রাখে।’ তিনি আরও বলেন, জাতিসংঘে ভারতসহ জার্মানি, জাপান, ব্রাজিল, আফ্রিকা ও আরব বিশ্বের স্থায়ী প্রতিনিধিত্ব থাকা উচিত। তিনি বিদ্যুত্ উত্পাদনে ভারতের নেওয়া প্রকল্পের উদ্যোগে স্বাগত জানান। আর এ জন্য ভারতের পরমাণু কর্মসূচির উন্নয়নে ফ্রান্স সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে সারকোজি ভারতের জয়তাপুরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনে সক্ষম একটি পরমাণুকেন্দ্রে ফরাসি সহযোগিতার কথা উল্লেখ করেন। জানা গেছে, সারকোজি আগামী সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। এরপর তিনি মুম্বাইয়ে ভারতের ব্যবসায়ী-নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ প্রভৃতি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ফ্রান্সের প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং অর্থমন্ত্রী ছাড়াও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা সারকোজির সফরসঙ্গী হিসেবে আছেন। প্রসঙ্গত, বিশ্বের নেতারা এখন একের পর এক ভারত সফর করছেন। গত মাসে ভারত সফর করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ মাসের শেষে রাশিয়া ও চীনের নেতাদের আসার কথা রয়েছে। সূত্র: দ্য টেলিগ্রাফ ও দ্য টাইমস অব ইন্ডিয়া