নিরাপত্তা পরিষদে সিরিয়া প্রস্তাব অমীমাংসিত
কোনো ধরনের সমঝোতা ছাড়াই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়া-বিষয়ক বৈঠক শেষ হয়েছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।সিরিয়ার চলমান সহিংসতা বন্ধে দেশটির সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল মঙ্গলবার একটি খসড়া প্রস্তাবনা উত্থাপন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশের এই খসড়া প্রস্তাবনায় সিরিয়ার সংকট সমাধানে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়েছে।ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগের এ খসড়া প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে আলোচনা হয়। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরব লিগের পক্ষে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেন। তবে সিরিয়ায় দীর্ঘ ১১ মাসের সহিংসতার সমাপ্তি ঘটাতে কোনো ধরনের বিদেশি সামরিক হস্তক্ষেপ নাকচ করেছে আরব লিগ।চীন ও রাশিয়া এ প্রস্তাবের বিরোধিতা করছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, সিরিয়া প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে। বিশ্লেষকেরা বলছেন, গতকালের অধিবেশনের পর সিরিয়া প্রস্তাবের বিষয়ে রাশিয়ার বিরোধিতা কমে আসবে বলে মনে করছে পশ্চিমারা। প্রস্তাবের বিপক্ষে ভোট না দেওয়ার জন্য রাশিয়াকে বোঝানোর চেষ্টা অব্যাহত রেখেছে ওয়াশিংটন ও তার মিত্ররা।জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।