নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ে প্রস্তাবনা
সিরিয়ায় সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছে। ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশের এই খসড়ায় আরব লিগের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা হস্তান্তরের আহ্বান রয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।তবে নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবনায় রাশিয়া ভেটো দিতে পারে বলে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন।এদিকে, সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে মঙ্গলবারের পর থেকে সহিংসতার মাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সিরিয়ার আন্দোলনকারীরা দাবি করেছে, গত দুই দিনে দেশটিতে অন্তত ১৩৫ জন মানুষ নিহত হয়েছে।এই প্রেক্ষাপটেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়া বিষয়ে একটি খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসেছে। নিরাপত্তা পরিষদে আরব দেশের হয়ে মরক্কো এই খসড়া প্রস্তাবনা উপস্থাপন করে।এ প্রস্তাবনায় রাশিয়ার ভেটো এড়ানোর জন্য আরব দেশগুলোর পক্ষ থেকে তত্পরতা অব্যাহত রয়েছে। গত বছরের অক্টোবরে অপর আর এক প্রস্তাবনায় রাশিয়া ও চীন ভেটো দেয়।গত বছর মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।