নিরাপত্তা সংকটে ইরাকের তেলসম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে এ মাসের ৩১ তারিখ। কিন্তু এর মধ্যেই ইরাকের তেলক্ষেত্রগুলো মারাত্মক নিরাপত্তা সংকটে পড়েছে। কারণ মার্কিন সৈন্যরা চলে যাওয়ার পর তেলক্ষেত্রগুলোকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার মতো দেশটির পর্যাপ্ত প্রশাসনিক ও কারিগরি ক্ষমতা নেই।এদিকে সম্প্রতি ইরাকের তেলক্ষেত্রগুলোয় আল-কায়েদা হামলার হুমকি দেওয়ায় নতুন করে এগুলোর নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।ইরাকে পুলিশ বাহিনী পুনর্গঠনের দায়িত্বে থাকা মেজর জেনারেল হামিদ ইব্রাহীম বলেছেন,‘ইরাকে পুলিশের সদস্য সংখ্যা হওয়া উচিত ৪১ হাজার অথচ আমাদের প্রায় ১০ হাজারের মতো লোকবলের ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণে তেলক্ষেত্রগুলোর নিরাপত্তা বিধান করার জন্য আমাদের বেসামরিক দায়িত্বে থাকা মিলিশিয়াদের ভাড়া করতে হচ্ছে। এই মিলিশিয়াদের রয়েছে মাত্র দুই সপ্তাহের প্রশিক্ষণ।’ ইরাকের আরেক গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ইরাক-তুরস্ক পাইপলাইন প্রায় চার রেজিমেন্ট পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকলেও তা পর্যাপ্ত নয়। ইরাকি নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সমস্যা তাদের কারিগরি দিক। তেলক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকার পরও তাদের পর্যাপ্ত অস্ত্র ও যাতায়াতের জন্য গাড়ি নেই। এমনকি দূরবর্তী স্থান থেকে সন্ত্রাসীদের ওপর নজর রাখার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে ইরাক পুলিশের। মেজর জেনারেল ইব্রাহীম এ ব্যাপারে জানান, মার্কিন বাহিনীর কাছ থেকে ইরাক পুলিশ ৬০০ বিশেষায়িত গাড়ি পেলেও তা পর্যাপ্ত নয়।ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। সম্প্রতি বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ইরাক তেল উত্তোলন, পরিশোধন ও রপ্তানির জন্য প্রায় কয়েক বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে। এ অর্থ দিয়ে গত এক দশকের যুদ্ধে বিধ্বস্ত গোটা দেশের অবকাঠামোগত উন্নয়ন করাই ইরাক সরকারের লক্ষ্য। তবে ইরাকে ২০০৩ সালে সাদ্দাম সরকারের পতনের পর জঙ্গি হামলা ভয়াল রূপ ধারণ করেছে। জঙ্গিদের তেলক্ষেত্রে হামলার সাম্প্রতিক হুমকি ইরাকের তেল রপ্তানি-নির্ভর অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। রয়টার্স।