নিরাপত্তা হেফাজতে আটক ব্যক্তিদের তালিকা দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা হেফাজতের নামে সারা দেশে আটক ব্যক্তিদের (ভিকটিম) তালিকা দাখিল করতে আইজি প্রিজনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১২ জুলাইয়ের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।৮ জুনের নির্দেশনা অনুয়ায়ী মেয়েটি এবং তাঁর মা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ আদালতে হাজির হন। এরপর বিকেলে শুনানি হয়। দুপুরে খাসকামরায় তরুণীর বক্তব্য শোনেন আদালত।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সারা হোসেন, কে এম হাফিজুল আলম ও মাহবুব শফিক এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার শুনানি করেন। সন্ধ্যা সোয়া ছয়টায় আদালত আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দিয়েছেন।ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ না করায় আদালত ভর্ত্সনা করেছেন সংশ্লিষ্ট থানার ওসি ও তদন্তকারী কর্মকর্তাকে। ভর্ত্সনা করা হয়েছে রংপুরের মুখ্য বিচারিক হাকিমকে। তবে ভুলবশত নিরাপত্তা হেফাজতে পাঠানোয় ক্ষমাপ্রার্থনা করেন তিনি।আদালত সংশ্লিষ্টদের উদ্দেশে বলেছেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব। যথাযথভাবে আদেশ পালন করবেন।’আদালতের আদেশে রংপুরের পুলিশ সুপারকে নিরাপত্তা নিশ্চিত করে তরুণীকে আজ রংপুরে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ম্যাজিস্ট্রটকে ১১ জুন মেয়েটির জবানবন্দি নিতে নির্দেশ দিয়েছেন।জবানবন্দি নেওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করে মেয়েটিকে কাল শুক্রবারের মধ্যে ঢাকা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। ঢাকার পুলিশ কমিশনারকে নিয়মিতভাবে মেয়েটির নিরাপত্তার বিষয়টি তদরকি করতে নির্দেশ দেওয়া হয়েছে।ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অবকাশ শেষে আদালত খোলার পর হাইকোর্টকে জানাতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।জানা যায়, ‘রংপুরে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে যুবলীগ নেতা’ শিরোনামে ৪ জুন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় ১৯ মে এ ঘটনা ঘটে।প্রতিবেদনে ২২ বছরের এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের কথা বলা হয়। আটক অবস্থা থেকে পালিয়ে ধর্ষণের শিকার ওই তরুণী ৩১ মে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।ওই দিন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখার আবেদন করলে বিচারক তাঁকে কেন্দ্রীয় কারাগারের নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন।এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে ৮ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দফা নির্দেশনাসহ রুল জারি করেন।পাশাপাশি ধর্ষণের শিকার ওই তরুণীকে ৮ জুন বিকেলের মধ্যে কারাগার ও পুলিশি হেফাজতের বাইরে নিরাপত্তা হেফাজতে নিতে রংপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন আদালত। রংপুরের মুখ্য বিচারিক হাকিমকে হাইকোর্টে হাজির হয়ে তরুণীকে জেলহাজতে পাঠানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।এ ছাড়া ১০ জুন সকালে নিরাপত্তা নিশ্চিত করে তরুণীকে হাইকোর্টে হাজির করতেও ওই দিন রংপুরের পুলিশ সুপার ও কাউনিয়া থানার ওসি নির্দেশ দেওয়া হয়েছিল।