নিরাপত্তা হেফাজতে আটক ব্যক্তিদের বিবরণ চেয়েছেন হাইকোর্ট
হাইকোর্ট নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে আটক ১২৪ ব্যক্তির পূর্ণ বিবরণ আগামী ১২ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন । ২৯টি জেলার মুখ্য বিচারিক হাকিম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে আদালত এ বিষয়ে সাত দিনের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।পাঁচ সদস্যের মধ্যে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও কমিশনের একজন করে সদস্য রাখতে বলা হয়েছে। পাশাপাশি মূল রিটের শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, এম জহির, রোকনউদ্দিন মাহমুদ, আনিসুল হক ও তানিয়া আমির।জানা যায়, গত ৪ জুন ‘রংপুরে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে যুবলীগ নেতা’ শিরোনামে পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে ২২ বছরের এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের কথা বলা হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় ১৯ মে এ ঘটনা ঘটে। ওই তরুণী পালিয়ে ৩১ মে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই দিন রংপুর মেডিকেল কলেজে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়। পুলিশ ধর্ষণের শিকার মেয়েটিকে কারাগারে নিরাপদ হেফাজতে রাখার আবেদন করে। বিচারক তাঁকে কেন্দ্রীয় কারাগারে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল গত ৮ জুন হাইকোর্টে রিট করেন। এ পরিপ্রেক্ষিতে ৮ জুন আদালত রুল জারি করেন। ১০ জুন হাইকোর্ট নিরাপত্তা হেফাজতের নামে সারা দেশে কারাগারে আটক নির্যাতিতদের (ভিকটিম) তালিকা দাখিল করতে কারা মহাপরিদর্শককে (আইজি, প্রিজন) নির্দেশ দিয়েছিলেন।এ নির্দেশনা অনুসারে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজ নিরাপত্তা হেফাজতে আটক থাকা ব্যক্তিদের তালিকা আদালতে উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী সারা হোসেন ও সরকার পক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার এ মামলা পরিচালনা করেন।