নিরাপত্তা হেফাজতে থাকা কিশোরকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে নিরাপত্তা হেফাজতে থাকা এক কিশোরকে জবাই করে হত্যা করা হয়েছে। তার নাম আকাশ (১২)। যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা সজল হোসেন (১৫) নামের অপর এক কিশোর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার পর কেন্দ্রের অন্য কিশোরদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।উন্নয়ন কেন্দ্র থেকে জানানো হয়, আকাশ ছিল মানসিক প্রতিবন্ধী। ২০০৭ সালের ২৪ ডিসেম্বর চুয়াডাঙ্গা থেকে তাকে নিরাপত্তা হেফাজতের এই কেন্দ্রে পাঠানো হয়। সে তার বাড়ি পঞ্চগড় জেলায় এবং বাবার নাম শাহাব উদ্দিন জানালেও বিস্তারিত ঠিকানা বা নিজের সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারেনি। অভিযুক্ত সজল দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক রেজাউল হক কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়েছে, কিশোর উন্নয়ন কেন্দ্রের ১০০ ডরমেটরির আকাশকে নৃশংসভাবে জবাই করে খুন করেছে একই ডরমেটরির সজল হোসেন। পরে সজল নিজেই নিরাপত্তা প্রহরী বজলুর রহমানকে ঘটনাটি জানায়।সহকারী পরিচালক রেজাউল হক প্রথম আলোকে বলেন, সজলকে উন্নয়ন কেন্দ্রের আলাদা কক্ষে রাখা হয়েছে। আপাতত অন্যদের তার সঙ্গে মিশতে দেওয়া হচ্ছে না।গতকাল বিকেলে সরেজমিনে কিশোর উন্নয়ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, সজলকে কেন্দ্রের সহকারী পরিচালকের কার্যালয়ে বসিয়ে কলা-রুটি খাওয়ানো হচ্ছে। আকাশকে কেন খুন করেছে, জানতে চাইলে সজল প্রথম আলোকে বলে, ‘আমি ৫০ ডরমেটরিতে ছিলাম। কিছুদিন আগে একজনকে মারলে আমাকে ১০০ ডরমেটরিতে এনে রাখা হয়। কিন্তু ১০০ তে আমার ভালো লাগে না। আমি ৫০ এ ফিরে যেতে চেয়েছি। সেখানে যেতে দেওয়া হয়নি। সেখানে আমার পুরানো বন্ধুরা থাকে। তাদের সঙ্গে থাকলে ইয়ারকি-আড্ডা মারা যায়। আনন্দ লাগে। তায় মনে করলাম, আবার যদি একজনকে মারি তাহলে হয়তো ৫০ এ পাঠায়ে দেবে। তাই দুপুরে সবাই যখন ওপরে ছিল, তখন আমি আকাশকে ডরমেটরির নিচে সিঁড়ির পাশে ডেকে এনে প্রথমে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে অজ্ঞান করে ফেলি। পরে মসজিদ ঘরের পাশ থেকে কুড়িয়ে পাওয়া পেঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে গলায় পোঁচ দিই।’সজল আরও বলে, ‘আকাশ থাকত ডরমেটরির দোতলায় আর আমি তিনতলায়। আমাকে আকাশ মামা বলে ডাকত। এখন আমার খুব খারাপ লাগছে। তখন বুঝিনি এমন হবে।’খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের ৩২ জেলা থেকে কিশোর অপরাধীদের আদালতের মাধ্যমে এই উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ১৫০ জন ধারণক্ষমতার এই কেন্দ্রে বর্তমানে ১২৯ জন কিশোর রয়েছে।ছিনতাইয়ের অপরাধে সজল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে ২০১০ সালের ৩ জুন দিনাজপুরের হাকিমপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় আদালত ৮ অক্টোবর সজলকে সংশোধনের সুযোগ দিয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায়।২০০৭ সালেও এই উন্নয়ন কেন্দ্রে অপর এক কিশোরকে জবাই করে খুন করা হয়।