নিরাপত্তা হেফাজতে মৃত্যু বরদাশত করা হবে না: হাইকোর্ট
‘নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে মানুষের মৃত্যু কোনোভাবেই বরদাশত করা হবে না। কারণ জনগণের অধিকার রক্ষার জন্যই বিচারকেরা সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন।’ আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননা মামলার শুনানিকালে এ মন্তব্য করেন।উভয় পক্ষের কৌঁসুলিদের উদ্দেশে আদালত বলেছেন, সম্প্রতি উচ্চ আদালতের আদেশ ও নির্দেশ অমান্য করার প্রবণতা বেড়ে চলছে। এ প্রবণতা বন্ধ করতে হবে। নতুবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্ট এ দেশেরই অংশ। একই সঙ্গে আদালতের এ মনোভাব সংশ্লিষ্ট সব মহলকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়।জানা যায়, চট্টগ্রামে পুলিশ হেফাজতে ‘মানিক’ নামের এক নৈশপ্রহরীর মৃত্যুর খবর পত্রিকায় প্রকাশিত হয়। ওই ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ হাইকোর্টে একটি রিট দায়ের করলে আদালত রুল জারি করেন।রুলে পুলিশ হেফাজতে নৈশপ্রহরী নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানাতে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশ বাস্তবায়নে গড়িমসি করায় গত ২৪ মে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেন। হাইকোর্টের ওই বেঞ্চ ওই দিন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে ১ জুন হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে আজ সকালে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার।পুলিশ কমিশনার বলেন, হাইকোর্টের আদেশ যথাযথভাবে না পৌঁছানোর কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাসহ তিন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ বলেন, নিরাপত্তা হেফাজতে নির্যাতন যেকোনোভাবেই হোক, তা বন্ধ করতে হবে। নইলে মানুষের মৌলিক ও মানবাধিকার রক্ষিত হবে না।