নিরাপত্তা হেফাজতে হত্যা বরদাশত করা হবে না: হাইকোর্ট
‘নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে মানুষ হত্যাকে কোনোভাবেই বরদাশত করা হবে না। কারণ জনগণের অধিকার রক্ষার জন্যই বিচারকেরা সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন।’ গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননা মামলার শুনানিকালে এ মন্তব্য করেন। উভয় পক্ষের কৌঁসুলিদের উদ্দেশে আদালত বলেছেন, সম্প্রতি উচ্চ আদালতের আদেশ ও নির্দেশ অমান্য করার প্রবণতা বেড়ে চলছে। এ প্রবণতা বন্ধ করতে হবে। নতুবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে আদালতের এ মনোভাব সংশ্লিষ্ট সব মহলকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রামে পুলিশ হেফাজতে ১২ মে ‘মানিক’ নামের এক নৈশপ্রহরীর মৃত্যুর খবর পত্রিকায় প্রকাশিত হয়। ওই ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে একটি রিট দায়ের করলে আদালত রুল জারি করেন। রুলে পুলিশ হেফাজতে যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। পাশাপাশি ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানাতে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা বাস্তবায়নে গড়িমসি করায় ২৪ মে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেন। হাইকোর্টের ওই বেঞ্চ ওই দিন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে ১ জুন হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে গতকাল সকালে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। প্রায় ৩০ মিনিট আদালতকক্ষে দাঁড়িয়ে থাকেন পুলিশ কমিশনার। তিনি বলেন, হাইকোর্টের আদেশ যথাযথভাবে না পৌঁছানোর কারণে দোষী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাসহ তিন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, নিরাপত্তা হেফাজতে নির্যাতন যেভাবেই হোক বন্ধ করতে হবে। নতুবা মানুষের মৌলিক ও মানবাধিকার রক্ষা হবে না। কমিশনারের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু ও রিট আবেদনকারীর পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে আদালত পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে এ বিষয়ে ২৯ জুলাই পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন। ওই ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শক ইউনুস মিঞা গতকাল হাইকোর্টে হাজিরা দিয়েছেন। পরে আদালত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, নিরাপত্তা হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, তা আদালতকে অবহিত করা হয়েছে। আদালত তাঁকে অব্যাহতি দিয়েছেন।