নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে আটক রাখা বিষয়ে হাইকোর্টের রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ঘটনায় নির্যাতিত ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে আটক রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের নির্যাতিতদের জন্য সত্যিকার অর্থে নিরাপত্তা হেফাজত তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তাও জানতে চেয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।গত ৪ জুন ‘রংপুরে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে যুবলীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে রংপুরের কাউনিয়া উপজেলায় গত ১৯ মে ২২ বছরের এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের কথা বলা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। গত ৩১ মে তরুণীটি কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই দিনই তাঁর ডাক্তারি পরীক্ষা হয়। একই দিন পুলিশ বিচারিক হাকিম আদালতে মেয়েটিকে নিরাপদ হেফাজতে রাখার আবেদন করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক, এ এম হাফিজুল আলম ও ইমরানুল হাই রিট আবেদন করেন।রিটটির প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে কয়েক দফা নির্দেশনা দেন।আদালত তরুণীটিকে আজকের মধ্যেই কারাগার ও পুলিশি হেফাজতের বাইরে নিরাপত্তা হেফাজতে নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।আদালত ১০ জুন বৃহস্পতিবার নিরাপত্তা নিশ্চিত করে তরুণীটিকে আদালতে হাজির করতে রংপুরের পুলিশ সুপার ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ওই দিনই রংপুরের মুখ্য বিচারিক হাকিমকে হাইকোর্টে হাজির হয়ে মেয়েটিকে জেলহাজতে পাঠানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া হাইকোর্ট রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চেয়ারম্যানকে ১০ জুন সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে মেয়েটির স্বাস্থ্যগত (ফরেনসিক পরীক্ষা) প্রতিবেদন পেশ করারও নির্দেশ দিয়েছেন।পাশাপাশি ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানানোর জন্য কাউনিয়া থানার ওসিকে বৃহস্পতিবার আদালতে যেতে বলেছে কোর্ট।একই সঙ্গে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদালতের দেওয়া এসব নির্দেশনা ফ্যাক্স বার্তার মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করারও নির্দেশ দেন।