নিরাপত্তাকর্মী এনামুল আট দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা নিরাপত্তাকর্মী হুমায়ুন কবির ওরফে এনামুলকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার। তাঁদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ ডেকেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে সাগর ও রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এরপর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেছিলেন, তদন্তেও প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। এরপর এক বছর পার হলেও এ ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছরের ১৮ এপ্রিল তদন্তে ব্যর্থতা স্বীকার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর উচ্চ আদালত র‌্যাবকে এ মামলার তদন্তের নির্দেশ দেন। র‌্যাব এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে নয়জনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ গ্রেপ্তার করা হয় সাগর-রুনির ভাড়া বাসার নিরাপত্তাকর্মী এনামুলকে।