নিরাপত্তাকর্মীকে হত্যা করে পোশাক কারখানায় ডাকাতি
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বারেন্ডা গ্রামে একটি তৈরি পোশাক কারখানায় গত শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় কারখানায় হামিদুল ইসলাম (৪৫) নামের একজন নিরাপত্তাপ্রহরী খুন ও চার নিরাপত্তাকর্মী আহত হন। হামিদুলের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ঝইলতলী গ্রামে।আহত নিরাপত্তাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ৩০-৩৫ জনের অস্ত্রধারী ডাকাত দল বারেন্ডা গ্রামের পারপেল ফেব্রিক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার উত্তর-পশ্চিম সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা কারখানার নিরাপত্তাকর্মী আবেদ আলী (৪৩), সিরাজ উদ্দিন (৪৫), আলমগীর (৪৫) ও খোরশেদ আলমকে (৪০) অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে, মুখে টেপ লাগিয়ে মারধর করে ফেলে রাখে। একই সময় কারখানার ফিনিশিং সেকশনের সামনে ঘুমিয়ে থাকা নিরাপত্তাকর্মী হামিদুলকেও হাত-পা বেঁধে নাক ও মুখ চেপে টেপ লাগিয়ে ফেলে রাখে। হামিদুল শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ডাকাতেরা কারখানার তালা ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ সুতা, দুটি কম্পিউটার ও কাপড়সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে হামিদুলের মৃতদেহ ও আহতদের উদ্ধার করে। হামিদুলের মৃতদেহ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, ‘লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহাম্মেদ জানান, ডাকাতরা প্রায় এক কোটি ২৭ লাখ টাকার মালামাল লুট করেছে। নিহত নিরাপত্তাকর্মীর পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।