নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন নিরাপত্তাজনিত কারণে দেশটির জাতীয় ক্রীড়া অনুষ্ঠান ‘পাকিস্তান গেমস’ স্থগিত করেছে। গেমস চলাকালে তালেবান জঙ্গিরা হামলা চালাতে পারে—এমন গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। এ মাসে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারে এ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ডিসেম্বর মাসে একবার এ গেমস স্থগিত করে তা মার্চ মাস পর্যন্ত পেছানো হয়। পাকিস্তান গেমস পাকিস্তানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের প্রায় তিন হাজার ক্রীড়াবিদের এতে অংশ নেওয়ার কথা ছিল। পাকিস্তান অলিম্পিক কমিটির প্রধান আরিফ হাসান জানিয়েছেন, ‘পেশোয়ারের নিরাপত্তা পরিস্থিতির কারণেই আমরা এ গেমস স্থগিত করতে বাধ্য হয়েছি। কয়েক বছর ধরেই বিদেশি দলগুলো পাকিস্তানে খেলতে আসছে না। কিন্তু এবার নিরাপত্তা পরিস্থিতির কারণে ঘরোয়া কোনো প্রতিযোগিতা বন্ধ হয়ে গেল। যা অত্যন্ত দুঃখজনক।’কিছুদিন আগে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) লাহোরে অনুষ্ঠিতব্য পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ডেভিস কাপের ম্যাচ নিউজিল্যান্ডের অনুরোধে পাকিস্তান থেকে সরিয়ে নেয়। গত বছরের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলে বাসে জঙ্গি বন্দুকধারীরা গুলি চালালে পাকিস্তানে যেকোনো ধরনের ক্রীড়া আসর একেবারেই বন্ধ হয়ে যায়। সে হামলায় শ্রীলঙ্কা দলের কয়েকজন ক্রিকেটার আহত হন, এ ছাড়া নিহত হন শ্রীলঙ্কা দল বহনকারী বাসের চালক।