নিরাপত্তাঝুঁকিতে কালাই মহিলা ডিগ্রি কলেজের আবাসিক ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজের একমাত্র ছাত্রীনিবাসটি উদ্বোধনের পর থেকেই অরক্ষিত। ২০০৬ সালে ছাত্রীনিবাসটি উদ্বোধন করা হলেও সীমানাপ্রাচীর এবং তত্ত্বাবধায়ক না থাকায় এখানকার আবাসিক ছাত্রীরা চরম নিরাপত্তাঝুঁকির মধ্যে আছেন।কলেজ সূত্র জানায়, চার বছর আগে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ছাত্রীনিবাসটি নির্মাণ করা হয়। কিন্তু ছাত্রীনিবাস হলেও এর সামনের অংশে সীমানাপ্রাচীর না থাকায় যে-কেউ অনায়াসে এখানে ঢুকে পড়তে পারে। তা ছাড়া ছাত্রীদের দেখভালের জন্য এখানে হোস্টেল তত্ত্বাবধায়কও নিয়োগ দেওয়া হয়নি। তবে সম্প্রতি কলেজের নিজস্ব উদ্যোগে একজন শিক্ষককে অবৈতনিক তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তার পরও সীমানাপ্রাচীরের অভাবে রাত হলেই এখানকার ছাত্রীদের মধ্যে আতঙ্ক, উৎকণ্ঠা সৃষ্টি হতে থাকে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রীনিবাসের কয়েকজন ছাত্রী জানান, সীমানাপ্রাচীর না থাকায় মাঝেমধ্যেই বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। আর নিরাপত্তাহীনতার কারণে রাত নামলেই জেলখানার কয়েদির মতো নিজেদের কক্ষে ঢুকে যেতে হচ্ছে।এখানকার এক ছাত্রীর অভিভাবক মাহবুবুর রহমান বলেন, ‘যাতায়াতের সুবিধার কথা ভেবেই মেয়েকে হোস্টেলে রেখেছিলাম। কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই। তাই মেয়েকে নিয়ে সব সময় উদ্বেগ-উৎকণ্ঠায় থাকতে হচ্ছে।’কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন বলেন, বরাদ্দের অভাবে চার বছরেও সীমানাপ্রাচীর করা যায়নি। তবে কলেজের নিজস্ব অর্থে সীমানাপ্রাচীর করার চিন্তা করা হচ্ছে। তা ছাড়া আবাসিক ছাত্রী হোস্টেল থাকলেও হোস্টেল সুপার বা তত্ত্বাবধায়ক, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকটি দরকারি পদ সৃষ্টি করা হয়নি। তত্ত্বাবধায়ক না থাকায় একজন সাধারণ শিক্ষককে দিয়েই কাজ চালানো হচ্ছে।কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বলেন, কলেজটি এ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের একটি মডেল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানকার ছাত্রীদের ইতিবাচক ভূমিকায় মুগ্ধ হয়ে অত্যাধুনিক ছাত্রীনিবাস ও একাডেমিক ভবন করে দিয়েছিলেন। তবে হোস্টেল নির্মাণের সময়ই এর নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা দরকার ছিল। শিগগিরই সীমানাপ্রাচীর নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করা হবে।