নিরাপত্তার অজুহাতে আইনজীবীদের অনুপস্থিতি সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণ দেখিয়ে আসামিপক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনালে হাজির না হওয়ার তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার কার্যক্রম চলাকালে এ মন্তব্য করেন।এই ট্রাইব্যুনালে আজ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীদের প্রতি বলেন, ‘পল্টনে নিরাপত্তার বিষয়ে গতকাল বুধবার আপনারা যে তথ্য দিয়েছিলেন, তা সঠিক নয়। আপনারা বলেছিলেন, দুপুর দুইটার পরও পল্টনে গোলাগুলি চলেছে, অবস্থার উন্নতি হয়নি। কিন্তু আমাদের হাতে যে প্রতিবেদন আছে তা বলছে ওই সময় পল্টন এলাকা স্বাভাবিক ছিল। দুনিয়ার মানুষ আসতে পারে, আর আপনারা আসতে পারেন না?’ জবাবে কফিল উদ্দিন বলেন, ‘আমরা আসার চেষ্টা করেছিলাম।’গতকাল বেলা দুইটায় এই মামলার কার্যক্রম ধার্য ছিল। এ সময় ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘পল্টন এলাকায় গোলাগুলি চলায় মামলার আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী আসতে পারেননি।’ তবে বিভিন্ন গণমাধ্যমে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার পর ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। গতকাল দুই ট্রাইব্যুনালে আসামিপক্ষের অন্য আইনজীবীরা উপস্থিত থাকলেও মামলা পরিচালনাকারী আইনজীবীরা ‘নিরাপত্তার অজুহাতে’ উপস্থিত ছিলেন না। তদন্ত কর্মকর্তাকে জেরার পরে কফিল উদ্দিন আগামী রোববার (১৭ ফেব্রুয়ারি) মামলার কার্যক্রম না রাখার আরজি জানান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা সব সময় আসামিপক্ষের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আপনারা এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম বলেন, এ মামলায় আসামিপক্ষ প্রতি রোববার সময় চেয়ে মামলার কার্যক্রম অনেক পিছিয়েছেন।ট্রাইব্যুনাল বলেন, প্রতি রোববার মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার আসামি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে অন্য একটি মামলায় হাজির হতে হয়, এ জন্য এই ট্রাইব্যুনালে তাঁর মামলা থাকে না। একই দিনে যদি কামারুজ্জামানের মামলাটিও না থাকে, তাহলে ট্রাইব্যুনালের হাতে সেদিন কোনো মামলা থাকে না। আইনজীবীদের সমস্যা থাকলে আইনজীবী বদলাতে হবে।কফিল উদ্দিন বলেন, আগামী রোববারের পর আর সময় চাওয়া হবে না। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে বলেন, ‘আপনাদের জন্য সম্পূর্ণ একটি দিন রাখা হচ্ছে। সোমবার তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করবেন।’স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যার দিন পুনর্নির্ধারণএকই ট্রাইব্যুনাল আজ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের করা মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার দিন ২৪ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছেন।