নিরাপত্তার কারণে আদালতে যাননি খালেদা জিয়া (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার আদালতে হাজির হননি বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের আদালতে হাজির হওয়ার কথা ছিল। বাকি তিন আসামি হলেন: তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটির ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, আজ হরতালের কারণে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এই আশঙ্কায় খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।খালেদা জিয়া কি মামলার শুনানির বিষয়টি জানতেন না? জানলে কেন হরতাল ডাকলেন? এমন প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়া নিজের চেয়ে দেশ ও জাতির স্বার্থ বড় করে দেখেন। তাই তিনি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ হরতাল ডেকেছেন। এর আগে গত ১ জানুয়ারিও এ মামলায় খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ অভিযোগ আমলে নেওয়া-সংক্রান্ত শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। ওই দিন রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যস্ত থাকায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেন ও জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় দুদক।