নিরাপত্তার জুজু দেখিয়ে আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক বা কাঠামোয় যুক্ত হওয়ার প্রক্রিয়া থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। তবে যোগাযোগকাঠামো চালুর আগে নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা রয়েছে, তা স্বচ্ছতার সঙ্গে দূর করতে হবে। গতকাল বৃহস্পতিবার আঞ্চলিক সহযোগিতাবিষয়ক এক সেমিনারে বক্তারা ওই অভিমত দিয়েছেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ‘আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি ও প্রবৃদ্ধি’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় সুবিধাজনক অবস্থানে থেকেও অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারছি না। নিরাপত্তার জুজু দেখিয়ে চার দশক ধরে আমরা বিচ্ছিন্ন থেকেছি। এ কারণে নানাভাবে বিভিন্ন অর্জন থেকে আমরা পিছিয়ে গেছি। নতুন করে বাধা সৃষ্টি না করে বরং কীভাবে বাধা দূর করা যায়, সেদিকেই নজর দিতে হবে।’সেমিনারে নির্ধারিত বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্বে ভারতে ট্রানজিট দেওয়ার যৌক্তিকতা, লাভ-ক্ষতি ইত্যাদি প্রসঙ্গ উঠলে তিনি ওই মন্তব্য করেন। দীপু মনি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘যোগাযোগ নেটওয়ার্কের কথা বললে কোনো সমস্যা হয় না। কিন্তু ভারতের সঙ্গে ট্রানজিট বললেই বিষয়টি অন্যভাবে দেখা হয়। আর এভাবেই আমরা বিচ্ছিন্ন থেকেছি।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আঞ্চলিক ও উপ-আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক চালুর অংশ হিসেবে সমন্বিতভাবে ট্রানজিট চালুর জন্য কাজ করছি। আন্তর্জাতিক স্বীকৃত আইন ও বিধিবিধান মেনেই এটি করা হবে। কোনোভাবেই এর ব্যত্যয় হবে না।কানেকটিভিটি বা সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি অভিমত দেন, শুধু অবকাঠামো উন্নয়ন করে যোগাযোগ বৃদ্ধি নয়, কানেকটিভিটির মাধ্যমে এই অঞ্চলের মানুষের ধ্যান-ধারণা ও সংস্কৃতির পারস্পরিক আদান-প্রদান বাড়বে। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রশ্ন তোলেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট দিলে আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাজার হারাব কি না? ট্রানজিটের ব্যয় ও প্রাপ্তি বিশ্লেষণ করলে বাংলাদেশ কতটা লাভবান হবে? তিনি আরও বলেন, ‘বর্তমানে চিকেন নেক (শিলিগুড়ি করিডর) দিয়ে যে পরিমাণ ট্রাক পণ্য পরিবহন করে, তার অর্ধেকও যদি বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নেয়, তাহলে বছরে যে ২০ মিলিয়ন ট্রাক আসা-যাওয়া করবে, সেগুলোতে জ্বালানি তেল কীভাবে সরবরাহ করা হবে? এসব প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ট্রানজিট প্রদানকারী ও ব্যবহারকারী উভয় পক্ষকেই লাভবান হতে হবে। আর ব্যয় কীভাবে ব্যবহারকারী দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় সেই কৌশল ঠিক করতে হবে।’ তিনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে ট্রানজিট যোগাযোগ হলে বাংলাদেশের বাজার কমবে না। এখন ওই অঞ্চলের মানুষের ক্রয়ক্ষমতা ততটা নেই। ট্রানজিট হলে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে। ফলে বাজার বাড়বে। নিরাপত্তা প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, পণ্যবাহী ট্রাক বা কনটেইনারগুলো বন্ধ বা সিল করে দেওয়া উচিত। আর নিয়মানুযায়ী সেগুলো পরীক্ষা করা হবে। তবে নিরাপত্তা নিয়ে যেসব প্রশ্ন রয়েছে, তাতে দুই পক্ষের স্বার্থের বিষয়টি দেখেই এর সমাধান করতে হবে। কিন্তু নিরাপত্তার ব্যাপারে প্রচলিত যে ধ্যান-ধারণা আছে তা পাল্টানো উচিত। মোস্তাফিজুর রহমান অভিমত দেন, রাজনৈতিক অর্থনীতি কখনো প্রচলিত অর্থনীতির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তিনি আঞ্চলিক যোগাযোগ বা সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সার্ককে সমন্বয়কারী হওয়ার সুপারিশ করেন। সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান বলেন, ‘ভারতকে আমরা একসঙ্গে ট্রানজিট না দিয়ে ধাপে ধাপে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারি।’ ভারতীয় বাজারে বাংলাদেশির পণ্যের প্রবেশাধিকার নেই উল্লেখ করে তিনি ভারতকে ট্রানজিট দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান তাঁর প্রবন্ধে বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অন্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলো পিছিয়ে রয়েছে। আসিয়ান যখন গঠিত হয়, তখন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া মূল অনুঘটকের ভূমিকা পালন করে। কিন্তু এখন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সিঙ্গাপুরের মতো দেশ আসিয়ান ‘নেভিগেট’ করছে।সার্ক আঞ্চলিক বহুমাত্রিক পরিবহন সমীক্ষার উদ্ধৃতি দিয়ে প্রবন্ধে আরও বলা হয়েছে, আঞ্চলিক সহযোগিতার জন্য সমীক্ষায় ১০টি সড়ক, পাঁচটি রেল করিডর, সাতটি আকাশপথে ও ১০টি সমুদ্রপথে প্রবেশদ্বার দেওয়ার সুপারিশ করা হয়েছে। এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক শেখর বনু, বাংলাদেশের আবাসিক পরিচালক থেবাকুমার কান্দিয়াহ প্রমুখ।