নিরাপত্তার দাবিতে শাটল ট্রেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার দাবি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চালকেরা আজ মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলানো বন্ধ রেখেছেন। এদিকে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আজ বিকেল পাঁচটায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়েছে।ট্রেনচালকদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল শাটল ট্রেনের চালক গোপাল চন্দ্রকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে বিভিন্নভাবে চালকদের হুমকি দেওয়া হচ্ছে। শাটল ট্রেনের চালকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তার দাবি জানিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলীতে সংগঠনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন চালকেরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজউদ্দৌলা বলেন, ট্রেন চলাচলের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলকে রেলওয়ের সঙ্গে আলোচনার জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আজ কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ক্যাম্পাসের ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরিবেশ পরিষদ।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডেকেট সদস্য কামরুল হুদা প্রথম আলো অনলাইনকে বলেন, আজ বিকেল পাঁচটায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার জানান, গতকাল শাটল ট্রেনের চালককে তুলে নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগে আটক ১৫ জনের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র নিহত হওয়ার পর দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিহত দুই ছাত্রকে নিজেদের কর্মী দাবি করে তাঁদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিসহ চার দফা দাবিতে ১৮ মার্চ থেকে অবরোধ পালন করছে শিবির। এর আগে দুই ছাত্র নিহত হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ৩৮ দিন পর ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও শিবিরের অবরোধের কারণে শিক্ষার স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।