নিরাপত্তার নামে অর্থের অপচয়, কমছে পর্যটক
যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার পর বিমানবন্দরগুলোতে কঠোর নিরাপত্তার নামে যাত্রীদের ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এতে অনেক সাধারণ যাত্রী হয়রানির শিকার হচ্ছেন। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণপিপাসু দর্শনার্থীদের সংখ্যাও কমে যাচ্ছে। খবর দ্যা গার্ডিয়ানের। গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটরের ভ্রমণ ও পর্যটন বিষয়ক গবেষণা ব্যবস্থাপক মিচেল গ্রান্ট বলেন, ‘নিরাপত্তার জোরদার ও ভিসা পাওয়া কঠিন হওয়ায় ভ্রমণকারীদের আসার (যুক্তরাষ্ট্রে) পরিমাণ কমে গেছে। যুক্তরাষ্ট্রে ১৯৯৯ সালে বিশ্বের অন্যান্য দেশ থেকে ভ্রমণকারীদের আসার পরিমাণ ছিল সাত দশমিক তিন শতাংশ। যা ২০১০ সালে কমে ছয় দশমিক দুই শতাংশে দাঁড়ায়।’ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আএটিএ) জানায়, বিমানের জন্য হুমকি নয় এমন ভ্রমণকারীদের নিরাপত্তার নামে বিমানবন্দরে অপ্রয়োজনীয় তল্লাশি চালানোয় বিশ্বে প্রতি বছর অপচয় হয় ৭৪০ কোটি ডলার।আইএটিএর মহাপরিচালক টনি টেইলর বলেন, ‘সাধারণ যাত্রীদের ওপর নজরদারির জন্য আমরা প্রচুর অর্থ ব্যয় করি। এটা এড়াতে আমাদের অন্য কোন ভাল পদ্ধতি বের করা প্রয়োজন। আমরা অধিকাংশ সময় ভ্রমণকারীদের অনেক জটিল ও অপ্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে তল্লাশি করি। এতে মাঝে মধ্যে বাক-বিতণ্ডাও হয়।’ তিনি জানান, হামলার পর তিন বছর বিশ্বের বানিজ্যিক বিমান সংস্থাগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০০৩ সাল পর্যন্ত বিমানযাত্রীর পরিমাণ ২০০০ সালের চেয়ে বেশি হয়নি। ২০০৪ সাল পর্যন্ত লাভের পরিমাণও আগের চেয়ে বাড়েনি।এ সমস্যা সমাধানের জন্য টেইলর যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কম হুমকি মনে করা যাত্রীদের তল্লাশি আরও সহজ করার পদ্ধতি উদ্ভাবনের কথা বলেন।তবে লাভবান হচ্ছে বিমানবন্দরে তল্লাশির কাজে ব্যবহূত বিভিন্ন যন্ত্রপাতি তৈরির প্রতিষ্ঠানগুলো। এ রকমই একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক স্মিথস গ্রুপের বার্ষিক লাভের পরিমাণ নয়-এগারোর পর গত বছর ১৩ কোটি পাউন্ড থেকে ৫৭ কোটি ৪০ লাখ পাউন্ডে দাঁড়ায়।ইউরোস্টারের প্রধান নির্বাহী নিকোলাস পেট্রোভিক বলেন, ‘সহজ, সুবিধাজনক ও দ্রুত তল্লাশির ব্যবস্থা করতে পারলে বিমানে ভ্রমণকারীদের সংখ্যা বাড়তে পারে।’