নিরাপত্তার লক্ষ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সমন্বিত মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। হঠাৎ কানফাটা গুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে চারদিক। কালাশনিকভ রাইফেল নিয়ে একদল সন্ত্রাসী ঢুকে পড়েছে মাঠে। শুরু হয় পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, আহত হন পুলিশের কয়েকজন সদস্য। এগিয়ে আসে র্যাব। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। মাত্র ১০ মিনিটের মধ্যে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার উড়ে এসে চক্কর দেয় স্টেডিয়ামের ওপর। এর পাঁচ মিনিটের মধ্যে একদল কমান্ডো নিয়ে উড়ে আসে আরেকটি হেলিকপ্টার, আসে দুটি সাঁজোয়া যান। হেলিকপ্টার থেকে রশি বেয়ে নেমে পড়েন সেনা কমান্ডোরা। তাঁরা অল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ধরাশায়ী করেন।সিনেমার শ্বাসরুদ্ধকর দৃশ্যের মতো শোনালেও গতকাল সোমবার এভাবেই সমন্বিত বাহিনীর নিরাপত্তা মহড়া হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন নির্ঝঞ্ঝাট করতেই নিরাপত্তার ফাঁকফোকর খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ছিল তারই চূড়ান্ত মহড়া।মহড়ার পর সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মতিউর রহমান সাংবাদিকদের বলেন, যেকোনো ধরনের নাশকতা বা সংকট মোকাবিলা এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনাবাহিনীর একটি দল প্রস্তুত আছে। সেনাবাহিনীর এই বহরে থাকছে একদল কমান্ডোসহ আর্মি এভিয়েশনের দুটি ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। যেকোনো সংকটে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তারা অভিযানে নেমে যেতে সক্ষম। এর আগে মিরপুর স্টেডিয়ামেও একই রকম মহড়া চালানো হয় বলে মতিউর রহমান জানান।সেনা কর্মকর্তারা জানান, ঢাকার শেরাটন হোটেল ও চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ক্রিকেটারদের নিরাপত্তা দিতে সেনা কমান্ডো মোতায়েন থাকবে। তেজগাঁও বিমানবন্দরে প্রস্তুত থাকবে সেনাবাহিনীর হেলিকপ্টার ও সাঁজোয়া যান।পুলিশ সূত্র জানায়, এবার বিশ্বকাপ উপলক্ষে পুরো রাজধানীকেই নিরাপত্তাবেষ্টনীর ভেতরে রাখা হয়েছে। তবে নির্দিষ্ট নয়টি আবাসিক হোটেল ও দুটি খেলার মাঠে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি খেলার সময় শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে পুলিশের ৫৩০ জন সদস্য মোতায়েন থাকবেন। এঁরা দর্শকদের দিকে মুখ করে দাঁড়িয়ে দায়িত্ব পালন করবেন। মাঠের আশপাশ মিলে স্টেডিয়াম এলাকায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের বিশেষ সংস্থা, সিআইডি, আর্মড পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও থাকছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।পুলিশের কর্মকর্তারা জানান, তল্লাশি ছাড়া কাউকে মাঠের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। গ্যালারিতে দর্শক সেজেও দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা। মাঠে বা গ্যালারিতে অপ্রীতিকর কিছু করার পাঁচ মিনিটের মধ্যে যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাকড়াও করে বাইরে নিয়ে আসা যায়, সে জন্য এমন প্রস্তুতি। এ জন্য নিরাপত্তাকর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামসহ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এদিকে বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে বিদেশি নাগরিকদের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। এ জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের দুই সদস্য ঢাকায় এসেছেন। খেলা দেখার নাম করে কোনো বিদেশি সন্ত্রাসী যাতে এ দেশে আসতে না পারে, সে জন্য তাঁরা আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকা নিয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করছেন।