নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, বন্দর পরিচালনার জন্য নয়। বন্দর কর্তৃপক্ষ আর বন্দর ব্যবহারকারীরাই আগের মতো সব কাজ পরিচালনা করবেন। বন্দরে যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তা দেখার জন্যই সাময়িকভাবে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।সভায় পরিস্থিতি স্বাভাবিক করতে চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন ও ১৪৪ ধারা জারির সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়। একই সঙ্গে বন্দর শ্রমিকদের অসন্তোষের বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি করারও সুপারিশ করা হয়। এ ঘটনায় সম্পৃক্তদের মধ্যে কারা শ্রমিক, আর কারা বহিরাগত, তা-ও খতিয়ে দেখতে হবে।কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সভা শেষে সাংবাদিকদের বলেন, সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে কমিটির সব সদস্য একমত পোষণ করেছেন। চট্টগ্রাম বন্দরে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তা নিরসন হয়েছে এবং আজ থেকে সেখানে আবার কাজের পরিবেশ ফিরে এসেছে। এক প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, সেনাবাহিনী তো আর বন্দর চালাচ্ছে না, বন্দর কর্তৃপক্ষ এবং শ্রমিক ও ব্যবহারকারীরাই চালাচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে বন্দর চালানোর কোনো সম্পর্ক নেই, নিরাপত্তার স্বার্থে তাদের মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সেনা প্রত্যাহার করা হবে বলেও তিনি জানান।নূর-ই-আলম চৌধুরী আরও জানান, ডক ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে আগে শ্রমিক নিয়োগ দেওয়া হতো। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটি বাতিল করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইন করে এই ডক ম্যানেজমেন্ট বোর্ড বিলুপ্ত করা হয়। এবার বার্থ অপারেটর নিয়োগ করে প্রায় ৩৬ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আগে এখানে যারা সুবিধাভোগী ছিল, সম্ভবত তারাই অসন্তুষ্ট হয়ে এসব ঘটনা উসকে দিচ্ছে।এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ শাহ আলম, মজাহারুল হক প্রধান, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, আবু জাহির, নজরুল ইসলাম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সরকারদলীয় শ্রমিকদের আন্দোলনে টানা ছয় দিন অচল থাকার পর বুধবার সেনা মোতায়েন ও ১৪৪ ধারা জারির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কাজ আংশিক চালু করে কর্তৃপক্ষ। ডক শ্রমিকদের সঙ্গে সমঝোতা না হওয়ায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতেই ১৪৪ ধারা জারি করা হয়।