নিরাপত্তাহীনতায় কর্মকর্তা-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা সাবরেজিস্ট্রি ভবনটি রয়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায়। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ছে। দেয়ালও স্যাঁতসেঁতে হয়ে গেছে। এ অবস্থায় কার্যালয়ে রাখা উপজেলার প্রায় ১০ হাজার রেকর্ডপত্র নষ্ট হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।ছাদের প্লাস্টার প্রায়ই খসে পড়ায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সব সময়ই ভয়ে ভয়ে থাকেন। অথচ এই জরাজীর্ণ ভবন সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেই।কার্যালয় সূত্রে জানা গেছে, এখান থেকে প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব আয় হয়। তা সত্ত্বেও ভবনটি সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় উপজেলাবাসী ক্ষুব্ধ। সাবরেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, ষাটের দশকে একতলা ভবনে তিন কক্ষবিশিষ্ট এ ভবনটি নির্মাণ করা হয়। এরপর থেকে ভবনের উল্লেখযোগ্য কোনো সংস্কার না হওয়ায় আজ এর করুণ দশা। ভবনের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে প্লাস্টার, বর্ষায় বৃষ্টির পানি ছাদ চুঁইয়ে ভেতরে পড়ে। এতে রেকর্ডরুমে থাকা ১০ হাজারেরও বেশি মূল্যবান দলিল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া স্থান সংকুলান না হওয়ায় এলোমেলোভাবে সংরক্ষণ করায় বর্তমানে উপজেলার আটটি ইউনিয়নের ১১৫টি মৌজার রেকর্ডপত্র খুঁজে না পাওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কার্যলয় সূত্রে আরও জানা গেছে, ২০০৯ সালের ২৮ জানুয়ারি ও একই বছরের ৯ আগস্ট পৃথকভাবে স্মারকের মাধ্যমে ভবনটির এ বেহাল দশার কথা নির্বাহী প্রকৌশলৗ, গণপূর্ত ও ইমারত বিভাগ, সিলেটকে জানানো হয়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, এমনিতেই এখানে রয়েছে জায়গাস্বল্পতা। তাই গাদাগাদি করে কাজ করতে হয়। এর ওপর যখন-তখন ছাদের প্লাস্টার খসে পড়ায় তাদের সারাক্ষণ অজানা আতংকে থাকতে হয়। সরেজমিনে দেখা গেছে, ছোট ছোট তিনটি কক্ষে চলছে কাজ। জমি রেজিস্ট্রি করতে আসা মানুষের জন্য নেই কোনো বসার স্থান। কর্মকর্তা-কর্মচারীদেরও বসে কাজ করার মতো প্রয়োজনীয় আসবাবপত্র নেই। যা আছে তাও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নেই কোনো শৌচাগার ও বিশ্রামাগার।এদিকে দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রারের পদটি শূন্য থাকায় প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে জমিজমা বেচাকেনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বর্তমানে সপ্তাহে দুই দিন সাবরেজিস্টার রনজিত্ কুমার শীল এখানে কার্যক্রম চালাচ্ছেন। সাবরেজিস্ট্রি ভবনে কাজে আসা নেছার আহমদ বলেন, ‘এখানকার অবস্থা দেখলে ভয় লাগে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে এ সমস্যা আসলে লজ্জাজনক। তাছাড়া ভবনটির এ দশায় আমাদেরও দুর্ভোগ পোহাতে হয়।’নকলনবিশ কাকলী রানী পাল বলেন, নকলনবিশদের বসার জন্য পৃথক কোনো কক্ষ না থাকায় আমাদের কাজ করতে অসুবিধা হয়।কার্যালয়ের প্রধান সহকারী দেবব্রত দাশ বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা অফিসে কাজ করছি। যেকোনো সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ তিনি দ্রুত ভবন নির্মাণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। এ ব্যাপারে বিশ্বনাথের খণ্ডকালীন সাবরেজিস্টার রনজিত্ কুমার শীল বলেন, ‘এখানে জরুরি ভিত্তিতে ভবন নির্মাণ করা দরকার। তিনি রেকর্ডপত্রের যথাযথ সংরক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।’