নিরাপত্তাহীনতায় সন্ত্রাসী বিকাশ!
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জোড়া খুনের মামলার প্রথম তারিখেই আদালতে হাজির হননি বহুল আলোচিত সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাস। এ জন্য নিরাপত্তাহীনতা ও অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী গত মঙ্গলবার আদালতে সময় চেয়ে আবেদন করেন। তবে এ ব্যাপারে গতকাল বুধবার পর্যন্ত আদালত কোনো আদেশ প্রকাশ করেননি।গত মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ তেজগাঁও থানার জোড়া খুনের মামলা শুনানির দিন ধার্য ছিল। বিকাশের আইনজীবী মুসলেম উদ্দিন ভূঁইয়া আদালতে সময়ের আবেদন করলেও বিকাশ অসুস্থ মর্মে চিকিৎসকের কোনো ব্যবস্থাপত্র দাখিল করেননি।এই মামলায় জামিনে থাকা আসামি বিকাশের হাজির করাসংক্রান্ত পরোয়ানা (প্রডাকশন ওয়ারেন্ট-পিডব্লিড) একই আদালত থেকে প্রত্যাহার করা হয়। এরপর গত ১১ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে তিনি বের হয়ে উধাও হয়ে যান। এ ধরনের দুর্ধর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে ছাড়ার আগে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করা হয়। কিন্তু বিকাশের ক্ষেত্রে এ রীতি মানা হয়নি, বরং ব্যাপক গোপনীয়তার মধ্য দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ১৯৯৭ সালের ২ এপ্রিল শেরেবাংলা নগর গণপূর্ত কার্যালয়ে খালিদ হোসেন মামুন ও শামীম নামের দুই ব্যক্তিকে হত্যা করা হয়। এ মামলায় পরের বছর ৭ জুলাই বিকাশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বাকি আসামিরা হলেন: আবদুল জব্বার ওরফে মুন্না, মুরাদ হোসেন, কামাল পাশা ওরফে পাশা, রাশেদ মোস্তফা ও মোহাম্মদ ইসহাক। মামলাটি বর্তমানে সাক্ষ্য পর্যায় রয়েছে।