নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে ফসল তোলা থেকে শুরু করে তা পরিবহন, গুদাম ও বাজারজাতকরণ এবং বাড়িতে রান্না করা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া ফলসহ বিভিন্ন খাদ্যে ব্যবহূত ফরমালিনের প্রাপ্যতা কঠোরভাবে নিয়ন্ত্রণ, আমদানি করা খাদ্যের ওপর নজরদারি বাড়ানো, সচেতনতা কর্মসূচিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তাঁরা।গতকাল বুধবার প্রথম আলো ও বেসরকারি উন্নয়ন সংস্থা এমিনেন্স আয়োজিত ‘শিশু পুষ্টি ও নিরাপদ খাদ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারি-বেসরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিরা এ অভিমত দেন।প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এ গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহীদ খান জানান, নিরাপদ খাদ্য সরবরাহে সব মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে বলে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।আবু আলম শহীদ খান বলেন, আলাদাভাবে সরকারের অনেক মন্ত্রণালয় নিরাপদ খাদ্য সরবরাহের কাজটি করছে। সমন্বয়হীনতা এড়াতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এখন খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আইন তৈরির কাজ চলছে।সচিব ভেজাল রোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, বাজারগুলোকে ফরমালিনমুক্ত করার যে উদ্যোগ, তা প্রশংসনীয়। কিন্তু সারা দেশে ৩৩ হাজার বাজার আছে। সব বাজার এভাবে ফরমালিনমুক্ত করা কঠিন। সচিব আরও বলেন, বিভিন্ন সময় বিদেশি পরামর্শকেরা পরামর্শ দিয়ে থাকেন, যার বাস্তবায়ন ব্যয়সাধ্য এবং প্রায় অসম্ভব।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিকগুলো শিশু পুষ্টি ও নিরাপদ খাবার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জ্যেষ্ঠ জাতীয় উপদেষ্টা শাহ মনির হোসেন ব্যবসায়ীদের নৈতিকতার অনুশীলনের ওপর জোর দেন। এ ছাড়া চিংড়িসহ অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে কঠিন মান নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশ থেকে পুরোপুরি নিরাপদ খাবার আসছে কি না, তাও দেখা উচিত।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর সেন্টার ফর নিউট্রিশন অ্যান্ড ফুড সেফটির পরিচালক তাহমিদ আহমেদ বলেন, হাজার কোটি টাকার ফল আমদানি হলেও প্রাক-জাহাজীকরণ মূল্যায়নের ব্যবস্থা নেই। এ ব্যবস্থা চালু করা খুব প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা গবেষণা করছেন, কৃষকেরা ফসল উৎপাদন করে বিপুল জনগোষ্ঠীর আহার জোগাচ্ছেন। তাঁদের পক্ষে পুষ্টিবান্ধব উৎপাদন করা সম্ভব।মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের কান্ট্রি ডিরেক্টর জেবা মাহমুদ ভিটামিন ‘এ’র ঘাটতি পূরণে শিশুদের হলুদ ফল ও রঙিন শাকসবজি খাওয়ানোর কথা বলেন। কিন্তু এসব খাবার দিতে বাবা-মা ভয় পাচ্ছেন। সীমান্ত এলাকায় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকতে হবে।এফবিসিসিআইয়ের অন্যতম পরিচালক মো. হেলালউদ্দিনের মতে, সরকার যদি ফরমালিন আমদানির দায়িত্ব শুধু টিসিবির হাতে ন্যস্ত করে এবং টিসিবির কাছে পাওয়া ফরমালিন কেউ হস্তান্তর করলে সর্বোচ্চ দণ্ড দেয়, তাহলেই এর অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। তিনি জানান, ফরমালিন বছরে ৬০ থেকে ৭০ টন দরকার হলেও বাজারে পাওয়া যাচ্ছে ৬০০-৭০০ টন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি মো. সহিদুল্লা বলেন, যেহেতু ফরমালিন খুব অল্প পরিমাণে লাগে, তাই সরকার এটির দাম ৫০ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এতে করে যথেচ্ছ ব্যবহার বন্ধ হতে পারে। এ ছাড়া রাসায়নিকযুক্ত খাদ্য যদি খাবার উপযোগী করার ব্যবস্থা থাকে, সে ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে। মো. সহিদুল্লা অপুষ্টি সমস্যা মোকাবিলায় শিশুদের সুষম খাবার এবং বাইরে খাওয়ালে গরম ও টাটকা খাবার খাওয়ানোর পরামর্শ দেন।জাতীয় পুষ্টি সেবা কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক নাসরিন খান সমন্বয়ের ক্ষেত্রে ত্রুটির কথা বলেন। তিনি বলেন, আইন করে ডিডিটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু পরীক্ষা করে খাবারদাবারে ডিডিটি পাওয়া যাচ্ছে।স্থানীয় সরকার, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কারার জুনায়েদ আহসান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশে পুষ্টি খাতে কিছুটা হলেও উন্নতি হয়েছে। কিন্তু স্কুলের আশপাশে অনিরাপদ খাবারের সমারোহ। আইপিএইচএনে চাইল্ড নিউট্রিশন ইউনিট ঠিকমতো চলে না। তিনি প্রতিটি উপজেলায় পুষ্টিবিদের পদগুলো পূরণের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।এফএওর ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রামের পুষ্টিবিদ ললিতা ভট্টাচার্য নিরাপদ ও পুষ্টিকর খাবার জোগানের জন্য স্কুলে বাগান করার যে কর্মসূচি ছিল, তা চালুর কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ অতিরিক্ত ক্যালরিযুক্ত এবং কম পুষ্টিমানসম্পন্ন খাবার খায়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং এমিনেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হায়দার তালুকদার।