নিরাপদ জেনেই কারাগার ছাড়েন সন্ত্রাসী বিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মামলায় জামিন পাওয়ার পরও ‘ঝামেলার আশঙ্কায়’ শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাস (৪৬) গত তিন বছর কারাগারে অবস্থান করছিলেন। এর জন্য তিনি প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজতি পরোয়ানা (কারাগার থেকে মামলায় হাজিরা দেওয়ার অনুমতি) নামে একটি আইনি সুযোগকে কাজে লাগিয়েছেন।বিকাশ গত ১৫ বছর বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। এই সময়ে কারাগারের বাইরে থাকা বড় সন্ত্রাসীদের অনেকেই ক্রসফায়ারে নিহত হয়েছেন। এ অবস্থায় ২০০৯ সালে সব মামলায় জামিন পেলেও বিকাশ কারাগার থেকে বের হননি। সর্বশেষ তেজগাঁও থানার একটি মামলায় হাজতি পরোয়ানা প্রত্যাহার হলে গত শুক্রবার তিনি কারাগার থেকে বেরিয়ে যান। গত বছরও একবার তিনি এই মামলায় হাজতি পরোয়ানা প্রত্যাহার করে কারাগার ছাড়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরে পিছিয়ে যান এবং নতুন হাজতি পরোয়ানা নিয়ে কারাগারে থেকে যান।আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, বাইরের জগৎকে নিরাপদ মনে না করায় গত তিন বছর বিকাশ কৌশলে কারাগারে অবস্থান করেন। এখন কোনো কারণে বাইরের জগৎকে কারাগারের চেয়ে নিরাপদ মনে হওয়ায় তিনি হাজতি পরোয়ানা প্রত্যাহার করে বেরিয়ে আসেন।একাধিক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের ইচ্ছামতে কঠোর গোপনীয়তায় বিকাশকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বিকাশের মতো একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে মুক্তি দেওয়ার আগে সংশ্লিষ্ট জেলা পুলিশকে অবহিত করার রীতি থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলোকে ওই দিনই বলেছিলেন, ‘বিষয়টি আমাদের নলেজে নেই।’কারা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বড় ধরনের অপরাধীদের কারাগার থেকে ছাড়ার আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা রয়েছে। কারা প্রশাসন সেভাবেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিকাশ ১৫ বছর জেলে ছিল। এই ১৫ বছরে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। বিকাশের জেল থেকে বের হওয়ার একমাত্র কারণ হচ্ছে, সংশ্লিষ্ট আদালত তাকে জামিন দিয়েছেন। যখন আদালত জামিন দিয়ে দেন এবং তার বিরুদ্ধে ভিন্নতর কোনো অভিযোগ না থাকে, তবে তাকে এক মিনিটও জেলে রাখার ক্ষমতা কারও নেই।’এ ধরনের সন্ত্রাসী ছাড়া পাওয়ার আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়। কিন্তু বিকাশের ক্ষেত্রে এ রীতি মানা হয়নি কেন—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, জানানো নয়, তাঁরা জানতে পারেন। জেনে তাঁরা দেখবেন, যে অভিযোগে ব্যক্তিবিশেষকে ধরা হয়েছে, তার বাইরেও কোনো অভিযোগ আছে কি না।’ তিনি বলেন, ‘যে ব্যক্তিবিশেষের কথা বলা হচ্ছে, এ ব্যক্তি ১৫ বছর জেলে ছিল। তার বিরুদ্ধে নতুন আর কী অভিযোগ আসতে পারে? জেলের ভেতরে থেকে সে কী অপরাধ করবে? বললেই তো হবে না।’বিকাশকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন কোনো তৎপরতা আছে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, কোনো তৎপরতা নেই। আমি আইন মেনে চলছি। আমাদের আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কিংবা সে যদি অপরাধী বিবেচিত হয় কিংবা তার বিরুদ্ধে যদি আদালতে ওয়ারেন্ট (পরোয়ানা) হয়, তবে তাকে গ্রেপ্তার করা যায়।’ তিনি বলেন, ‘বিকাশের ক্ষেত্রে তো এসব কিছুই ছিল না। এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে বলা হবে কেন? বিকাশকে তো আইন অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে।’বিকাশকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের কোনো দুর্বলতা ছিল কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসন আইন অনুযায়ী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে।বিকাশের আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সব মামলায় জামিন হওয়ার পর ২০০৯ সালে বিকাশ কাশিমপুর কারাগার থেকে বের হন। সঙ্গে সঙ্গেই গাজীপুর থানার পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে আবার গ্রেপ্তার করে। পরে তাঁকে আটকাদেশ (ডিটেনশন) দিয়ে কারাগারে পাঠানো হয়। তখন তিনি জামিনে থাকা মামলাগুলোতে আইনজীবীর মাধ্যমে হাজতি পরোয়ানা ইস্যু করার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। এই আইনজীবী বলেন, ২০০৯ সালের শেষ দিকে হাইকোর্টের নির্দেশে ওই আটকাদেশ প্রত্যাহার হয়। কিন্তু কারাগার ছাড়লে নতুন করে গ্রেপ্তার ও ‘ঝামেলার আশঙ্কায়’ হাজতি পরোয়ানা প্রত্যাহার করার আবেদন করেননি তাঁর মক্কেল।হাজতি পরোয়ানা: কোনো আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকলে এবং এর কোনোটিতে যদি তিনি জামিন না পেয়ে কারাগারে থাকেন, তাহলে বাকি মামলায় হাজিরা দেওয়ার জন্য আসামি আদালতের কাছে হাজতি পরোয়ানা চেয়ে আবেদন করেন। এর মাধ্যমে তিনি কারাগারে থেকে বাকি মামলায় হাজিরা দেন। পরে ওই মামলায় জামিন হয়ে গেলে আইন অনুযায়ী হাজতি পরোয়ানা প্রত্যাহারের জন্য আসামিকে আবেদন করতে হয়। সেই আবেদনটি না করেই এত দিন কারাগারে ছিলেন বিকাশ।জানা গেছে, একে একে পাঁচটি মামলায় পর্যায়ক্রমে হাজতি পরোয়ানা নিয়েছিলেন বিকাশ। পরে পর্যায়ক্রমে সব পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন তিনি। সর্বশেষ পরোয়ানাটি প্রত্যাহার করা হলে বিকাশ মুক্তি পান। বিকাশের আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া বলেন, গত ১১ ডিসেম্বর তেজগাঁও থানার জোড়া খুনের মামলায় জামিনে থাকা আসামির হাজতি পরোয়ানা প্রত্যাহার করা হয়। এ মামলায় ১৯৯৯ সালের ২০ জুন হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন বিকাশ। সর্বশেষ কোন তারিখে বিকাশ জামিন পান—জানতে চাইলে তাঁর আইনজীবী বলেন, ২০০৮ সালের মধ্যে সব মামলায় জামিন পান। ২০০৯ সালের শেষ দিকে হাইকোর্টের নির্দেশে তাঁর আটকাদেশ প্রত্যাহার করা হয়।তাহলে এত বছর কেন বিকাশ কারাগার থেকে বের হননি—জানতে চাইলে আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘তা বলতে পারব না। তবে সম্প্রতি আসামির ইচ্ছা অনুসারে হাজতি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছি।’ যে আদালত থেকে এই হাজতি পরোয়ানা প্রত্যাহার করা হলো, সেই ঢাকার বিশেষ জজ-৩-এর বিশেষ সরকারি কৌঁসুলি রফিক উদ্দিন বলেন, ২০০৮ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিকাশের জামিন স্থায়ী করেন। জামিন আদেশে বলা হয়, আসামি জামিনের অপব্যবহার করেননি। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো জবাবও (কাউন্টার অ্যাফিডেভিট) দেয়নি। হাইকোর্ট তাই বিকাশের জামিন স্থায়ী করেন।একবার হাজতি পরোয়ানা প্রত্যাহার করেও কারাগার ছাড়েননি বিকাশ: আদালত সূত্র জানায়, ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে মিরপুর থানায় করা একটি হত্যা মামলায় ২০০৬ সালের ১৯ অক্টোবর বিকাশ জামিন পান। এরপর তেজগাঁও থানার এ মামলাটির হাজতি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২০১১ সালের ২ জানুয়ারি তা মঞ্জুরও করেন। কিন্তু ওই সময় বিকাশ কারাগার থেকে বের হননি। তিনি আবার হাজতি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, তখন হয়তো বাইরে বের হওয়া নিরাপদ মনে না হওয়ায় বিকাশ কারাগার ছাড়েননি। গত ১২ নভেম্বর বিকাশের আইনজীবী ওই পরোয়ানাটিই প্রত্যাহারের আবেদন করেন। ১১ ডিসেম্বর বিশেষ জজ আদালত-৩ তা মঞ্জুর করেন। যে হত্যা মামলায় বিকাশের সর্বশেষ পরোয়ানা প্রত্যাহার হলো, তাতে ১৯৯৮ সালের ৭ জুলাই বিকাশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯৭ সালের ২ এপ্রিল শেরেবাংলা নগর পিডব্লিউডি অফিসে খালিদ হোসেন ও শামীমকে হত্যার ওই মামলার অন্য আসামিরা হলেন: আবদুল জব্বার ওরফে মুন্না, মুরাদ হোসেন, কামাল পাশা ওরফে পাশা, রাশেদ মোস্তফা ও মোহাম্মদ ইসহাক। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। বিকাশের বিরুদ্ধে ১২টি মামলা: বিকাশ ১৯৯৭ সাল থেকে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা ছিল। এর মধ্যে সাতটিতে তিনি অব্যাহতি ও খালাস পান। বাকি পাঁচটি বিচারাধীন মামলার মধ্যে চারটি হত্যার। বিকাশের বড় ভাই প্রকাশও ঢাকার শীর্ষ সন্ত্রাসী। তিনি ১০ বছর ধরে ভারতে পালিয়ে আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য আছে।