নিরাপদ মাতৃত্বের জন্য ব্র্যাকের ধাত্রী প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে দেশের ছয় জেলায় কমিউনিটি ধাত্রী প্রশিক্ষণ প্রকল্প শুরু করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য চাহিদার কথা বিবেচনা করে স্বাস্থ্যসেবাবঞ্চিত এলাকা থেকে ছাত্রী নির্বাচন করে তাঁদের ধাত্রীবিদ্যায় তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হবে। আজ বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে মাতৃ ও শিশুমৃত্যুর হার, অসুস্থতার হার কমিয়ে কমিউনিটির জনগণের স্বাস্থ্যের উন্নয়ন। এই প্রশিক্ষিত ধাত্রীরা দক্ষ জনবলের ঘাটতি পূরণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত হয়ে নিরাপদ মাতৃত্ব ও শিশুর জন্মদান নিশ্চিত করবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের নেতৃত্বে ছয়টি বেসরকারি সংস্থার অংশীদারির ভিত্তিতে কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এতে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সাহায্য সংস্থা ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। বাংলাদেশে প্রসবকালীন মৃত্যু ও হেলথ কেয়ার সমীক্ষা ২০১০ অনুসারে, ৭৬ দশমিক ৬ শতাংশ শিশু বাড়িতে জন্মগ্রহণ করে। সে হিসেবে প্রশিক্ষিত ধাত্রী স্বাস্থ্যসেবায় খুব গুরুত্বপূর্ণ। সেই ধাত্রীদের প্রশিক্ষণে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের সহায়তায় ৩ সেপ্টেম্বর ২০১২ থেকে ১৭ অক্টোবর ২০১২ পর্যন্ত পাঁচ সপ্তাহের প্রশিক্ষক উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষকেরা ধাত্রীবিদ্যা বিষয়ে তিন বছরের ডিপ্লোমা পড়তে আসা শিক্ষার্থীদের পড়াবেন। এই প্রশিক্ষণে চিকিত্সক, সেবিকা, প্যারামেডিকস, ধাত্রী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিরা অংশ নিচ্ছেন।