নিরাপদ সড়ক ও বিচারের দাবিতে বুয়েটে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র খন্দকার খানজাহান নিহত হওয়ার ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা ওই বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার, নিহত ছাত্রের পরিবারের ক্ষতিপূরণসহ নয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। খানজাহানের মৃত্যুর ঘটনায় গতকাল শিক্ষার্থীদের এক ঘণ্টা ক্লাস বর্জনের কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, সকালে দু-একটি ক্লাস হয়। এ ছাড়া তাঁরা কোনো ক্লাস করেননি।গত বৃহস্পতিবার ইডেন কলেজের সামনে উইনার পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র খানজাহান। এ ঘটনায় ওই দিনই বুয়েট কর্তৃপক্ষ গতকাল শোক দিবস পালনের ঘোষণা দেয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর একটার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হন। তাঁরা বুকে কালো ব্যাজ ও গলায় প্লাকার্ড ঝুলিয়ে প্রায় ২০ মিনিটের মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা খানজাহানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।মানববন্ধনে বুয়েটের উপাচার্য এ এম এম শফিউল্লাহ সচেতনতা সৃষ্টির মাধ্যমে সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘এ ঘটনার বিচারের জন্য বুয়েটের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আইনি প্রক্রিয়ায় খানজাহানের হত্যাকারীদের বিচার ও বাসের মালিক পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।’কেমিকৌশল বিভাগের ছাত্র খান মোহাম্মদ আরাফাত আদনান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটলে শিক্ষার্থীরা আন্দোলন করেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক কিছু আশ্বাসও দেয়। একপর্যায়ে আন্দোলন স্তিমিত হয়ে যায়। এবার তা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ গ্রেপ্তার হয়নি বাসচালক: পুলিশ গতকাল পর্যন্ত উইনার পরিবহনের সেই বাসের (ঢাকা মেট্রো-ব-১১-২৬১৯) চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমদ প্রথম আলোকে বলেন, তাঁরা ওই বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করার জোর চেষ্টা চালাচ্ছেন।উইনার পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকেও খানজাহানের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। খানজাহানের বাবা খন্দকার মো. শাহ আলম মুঠোফোনে গতকাল প্রথম আলোকে জানান, কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বুয়েটের সামনের ওই রাস্তার নাম যেন আমার ছেলের নামে হয়।’কর্মসূচি: শিক্ষক ও শিক্ষার্থীরা খানজাহানের স্মরণে আগামী এক সপ্তাহ কালোব্যাজ ধারণ করবেন। কাল সোমবার বাদ আসর বুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও আগামী ৩ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি রয়েছে।