নিরাপদ সড়ক দিবস নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস কোনটি হবে, তা নির্ধারণে জনমত জরিপ করছে যোগাযোগ মন্ত্রণালয়। দীর্ঘ ১৯ বছর ধরে নিরাপদ সড়কের আন্দোলনে নেতৃত্বদানকারী অভিনেতা ইলিয়াস কাঞ্চন এই উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন।যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সড়ক দুর্ঘটনার চারটি তারিখ দিয়ে এ বিষয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে। কাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত একটি কম্পিউটারে এক ব্যক্তি একটি ভোট দিতে পারবে।ওয়েবসাইটে গত ৩ মে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার একটি সুপারিশ উল্লেখ রয়েছে। তাতে ১১ জুলাই নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার সুপারিশ করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ওই দিনে সড়ক দুর্ঘটনায় ৪০ ছাত্র নিহত হয়। এভাবে জনমত যাচাইয়ের প্রক্রিয়াকে ‘দুরভিসন্ধিমূলক’ বলে উল্লেখ করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু দিবস ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণার দাবি করে আসছেন। জাহানারা ১৯৯৩ সালের এই দিন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর পর থেকেই কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সংগঠন দাঁড় করিয়েছেন তিনি। ইলিয়াস কাঞ্চনের দাবি, জাতীয়ভাবে ঘোষণা করা না হলেও ১৯ বছর ধরে প্রতিটি সরকারের আমলে দিবসটি পালিত হয়ে আসছে। তিনি অভিযোগ করেন, তাঁর স্ত্রীর মৃত্যু দিবসটি যেন নিরাপদ সড়ক দিবস না হয়, সে জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের একটি চক্র সক্রিয় রয়েছে। তাঁদের কারণেই অন্য দিবসগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তাঁর দাবি, বর্তমান প্রধানমন্ত্রীও দিবসটি ঘোষণার জন্য নীতিগত অনুমোদন দিয়েছিলেন। তবে যোগাযোগ মন্ত্রণালয় ইলিয়াস কাঞ্চনের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দিবসটি ঘোষণার বিষয়ে নিয়মনীতি মেনে চলা হয়েছে। এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয়ের একাধিক সভার কার্যবিবরণীতে দেখা গেছে, বর্তমান সরকারের আমলেও ২২ অক্টেবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার বিষয়ে ইতিবাচক উদ্যোগ ছিল। ২০১১ সালের ৮ আগস্ট আন্তমন্ত্রণালয়ের সভায় এ দিনকে জাতীয় নিরাপদ সড়ক দিবস করার জন্য সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তিনি ৫ অক্টোবর ২০১১ নীতিগত সম্মতি দেন। প্রধানমন্ত্রীর সম্মতির পর প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হয়। সেখান থেকে আন্তমন্ত্রণালয় সভা করে সুনির্দিষ্ট প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করতে বলা হয়।এই পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ ডিসেম্বর দিবস ঘোষণার জন্য আন্তমন্ত্রণালয় সভা হয়। সভায় গুরুত্বপূর্ণ সড়ক দুর্ঘটনার তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছ থেকে সংগ্রহ করে দিবস ঘোষণার সিদ্ধান্ত হয়। সর্বশেষ এ বছরের ৩ মে সড়ক দিবস ঘোষণা বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ১১ জুলাইকে নিরাপদ সড়ক দিবস ঘোষণার সুপারিশ করেন। সভায় উপস্থিত সবাই এ বিষয়ে সম্মতি দেন।যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ এন ছিদ্দিক বলেন, দিবস ঘোষণা নিয়ে যাতে আরও স্বচ্ছতা আসে, সে জন্য যোগাযোগমন্ত্রীর নির্দেশে ভয়াবহতার বিবেচনায় চারটি দিবস চিহ্নিত করে জনমত যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে।১১ জুলাই ছাড়া বাকি তিনটি বিবেচ্য দিন হলো: ২২ অক্টোবর, ৩১ জুলাই (সচিব রাজিয়া বেগমসহ দুজন সরকারি কর্মকর্তা ২০১০ সালের ওই দিন নিহত হন) এবং ১৩ আগস্ট (চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর ২০১১ সালের এদিন নিহত হন)। এম এ এন ছিদ্দিক বলেন, জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টিকারী দিনগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় দিবস ঘোষণার জন্য যেসব সরকারি নিয়ম মানা দরকার, তার কোনোটির ব্যত্যয় হয়নি। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘অভিনেতা কাঞ্চনের স্ত্রীর মৃত্যুর দিনটির প্রতি আমাদের কেন বিদ্বেষ থাকবে, এতে আমাদের লাভ কিসের?’অভিনেতা কাঞ্চন অভিযোগ করেন, বাংলাদেশের মানুষের কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ কম। তাই এই জরিপে সঠিক মূল্যায়ন হবে না। আবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি কম্পিউটার থেকে একটি ভোটই গ্রহণ করা হচ্ছে, এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ওই অভিনেতা।ইলিয়াস কাঞ্চনের অভিযোগ প্রসঙ্গে যোগাযোগসচিব বলেন, ‘একটি কম্পিউটারের একটি ভোট, এটা আন্তর্জাতিকভাবেই গ্রহণযোগ্য। কেউ যেন ভুয়া ভোট না দিতে পারে, সে জন্য এই ব্যবস্থা। ২২ অক্টোবরকে ভোট দিলেও তা গ্রহণ করা হচ্ছে না মর্মে কাঞ্চনের অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, মানুষ কারচুপি করতে পারে, যন্ত্রের পক্ষে এটা করা সম্ভব নয়।