নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের চার দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলোকে নিরাপদ করতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল শুক্রবার রাতে কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি পেশ করেছেন।গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন্নাহার হলের মাঝের সড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক ছাত্র আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি পেশ করেন।জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে প্রভোস্ট অজয় কুমার দাশের বাংলো ঘেরাও করেন। পরে অজয় কুমার দাশ শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে আসেন।সেখানে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—বৃহস্পতিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা করা, ছাত্রদের ওপর পুলিশি হামলার জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করে বহিরাগত গাড়ির প্রবেশ ঠেকানো এবং ঘটনার সঠিক ব্যাখ্যা দিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি পাঠানো। প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা উপাচার্যের বাসভবন ত্যাগ করে হলে ফিরে যান।