নিরাপদ সড়কের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে গত বৃহস্পতিবার ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার জনগণ মানববন্ধন কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে গজারিয়া বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া গজারিয়ার প্রতিটি মসজিদে নিহত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদউদ্দিন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ইউনুস হাওলাদার, সাধারণ সম্পাদক শাজাহান বেপারী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবুল হাসান, সমাজকর্মী আনোয়ার পঞ্চায়েত, ‘নিরাপদ সড়ক চাই’ লালমোহন শাখার সম্পাদক জসিম, সদস্য সাইফ বাবলু প্রমুখ।গত সোমবার দুপুরে লালমোহনের গজারিয়া সংগীতা সিনেমা হলের সামনে বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থীসহ তিন ভাই ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে পাঁচ দিনের শোক পালন করা হচ্ছে।