নিরাপদ হোক ঢাকা!
বড় বড় আঁকিয়েদের ছবি নিয়ে শিল্পাঙ্গন গ্যালারিতে প্রায়ই থাকে প্রদর্শনী। কিন্তু এখন এর ভেতর আর বাইরের পুরোটাই শিশুদের দখলে। তাদের তৈরি বিশাল দেয়ালিকা ‘ওয়েলকাম টু ক্লিন ধানমন্ডি’ স্থান পেয়েছে গ্যালারির আঙিনায়। ধানমন্ডি পরিষ্কার করার অভিযানের কিছু আলোকচিত্র রয়েছে এখানে। আবার শিশুদের আঁকা কিছু ছবিও স্থান পেয়েছে। আঁকা ছবিতে দেখা গেছে, সবাই ডাস্টবিনে ময়লা ফেলছে। আবার কেউ কেউ কাগজ কুড়িয়ে ডাস্টবিনে ফেলছে। কেউ কেউ দলবেঁধে সড়কে পড়ে থাকা আবর্জনা সরাচ্ছে। এরা সবাই বিদ্যালয়ের শিক্ষার্থী।শিল্পাঙ্গন গ্যালারির প্রদর্শনীটি পরিবেশ সচেতনতা-বিষয়ক অনুষ্ঠান ‘ঢাকা সেইফ অ্যান্ড সাউন্ড’-এর একটি অংশ। অনুষ্ঠানের অন্যান্য আয়োজনগুলো চলছে গ্যেটে ইনস্টিটিউট ও ঢাকা আর্ট সেন্টারে। অবশ্য ১৫ দিনের পুরো অনুষ্ঠানের আয়োজক গ্যেটে ইনস্টিটিউট। এমন ভিন্ন ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য জানালেন এর প্রোগ্রাম অফিসার তানভীর আলীম। তিনি জানান, পরিবেশের ওপর অনেক দিন থেকেই কাজ করছে ইনস্টিটিউট। বিভিন্ন সময় তাঁরা পরিবেশবিষয়ক চিত্র, স্থাপনা, আলোকচিত্র, চলচ্চিত্র ও নাটক প্রদর্শন এবং শিশুদের প্রতিযোগিতা-কর্মশালার আয়োজন করেছেন। এর মধ্যে ঢাকা শহরকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড উল্লেখযোগ্য। এই আয়োজনের বিষয়-বৈচিত্র্য শহরবাসীকে পরিবেশের ওপর সচেতন হতে প্রেরণা জোগাবে। ঢাকা শহরকে বসবাসের উপযোগী করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্যই এই আয়োজন।১৮ অক্টোবর শুরু হওয়া আয়োজনটির প্রতিদিনের কিছু অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল কনসার্ট। জার্মানির ব্যান্ডদল ‘ফটোস’-এর শিল্পীরা গান গেয়ে মাতিয়েছিলেন শিক্ষার্থীদের। গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা ভাঙা ভাঙা বাংলা কথায় শিক্ষার্থীদের বাড়তি আনন্দ দিয়েছেন। এ ছাড়া পরিবেশের ওপর তৈরি চলচ্চিত্রও দেখানো হয়েছে। বাংলাদেশি নাট্যদল লাঠিয়াল প্রদর্শন করেছে সাইলেন্স ওয়াটার নামের নাটক। হয়েছে ভবিষ্যৎ ঢাকা শহর কেমন হতে পারে, তা নিয়ে সেমিনার।‘কীভাবে থাকতে চান ২০৬০ সালে ঢাকায়?’ আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন আজ থেকে শুরু হওয়া তিন দিনের আয়োজনে। যে কেউ এতে অংশ নিতে পারবেন। কর্মশালায় প্রকৌশলী, গবেষক, চিত্রশিল্পী উপস্থিত থেকে আপনার ভাবনাকে ভাগাভাগি করবেন। কেউ তাঁর ভাবনার কথা জানালেই সঙ্গে সঙ্গে তাঁর চিত্রকর্ম ও স্থাপত্য নকশা তৈরি করবেন গুণী শিল্পী ও স্থপতি। এগুলো আবার প্রদর্শিতও হবে। তা ছাড়া চিত্রশিল্পীরাও পরিবেশ রক্ষায় নতুন চিন্তা নিয়ে শ্রোতাদের মুখোমুখি হবেন।এত যে আয়োজন, তাতে বইমেলা কি বাদ যাবে? তাও মাথায় রেখেছেন আয়োজকেরা। তাই গ্যেটে ইনস্টিটিউটেই এক দিনের বইমেলা আয়োজিত হবে। কনসার্টও হবে আরেকটি। কনসার্টে শুধু যানবাহন নয়, ঢাকা শহরের বিভিন্ন শব্দকে মিউজিক হিসেবে ব্যবহার করা হবে। আয়োজনে আরও থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানগুলোর সময়সূচি দেখুন সংস্কৃতির সাত দিন বিভাগে