নিরাপদে আসাদের দেশত্যাগের ব্যবস্থা করবে বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের নিরাপদে দেশত্যাগ করার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সরকারবিরোধী জোটের নেতা মোয়াজ আলখতিব। তিনি আজ মঙ্গলবার বলেন, এ জন্য তিনি প্রেসিডেন্টের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে ইচ্ছুক। রয়টার্স জানায়, আলখতিবের এ প্রস্তাব তাঁর জোটের সদস্যদের মধ্যে হতাশা তৈরি করেছে। সিরিয়ার ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে আলখতিব বলেন, ‘আমি সরকারকে বলছি, যদি আমাদের প্রস্তাবে রাজি হন, তো ফারুক আল শারাকে পাঠান। আমরা তাঁর সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি।’ গৃহযুদ্ধ শুরুর পর থেকে ভাইস প্রেসিডেন্ট ফারুক প্রেসিডেন্ট আসাদের সঙ্গে স্পষ্ট তফাত্ রেখে চলেছেন।গত সপ্তাহে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আলখতিব আজ বলেন, ২২ মাস ধরে চলা সিরীয় সংকটের কোনো সমাধান বিদেশিদের হাতে নেই। সিরীয়দের সমস্যা তাদের নিজেদেরই সমাধান করতে হবে। সিরীয় জাতীয় জোটের এই নেতা আল অ্যারাবিয়া টেলিভিশনকে বলেন, ‘ক্ষয়ক্ষতি এড়াতে দেশত্যাগের ব্যাপারটি নিয়ে আলোচনার বিষয়টি এখন নির্ভর করছে সরকারের ওপর।’ উদারপন্থী ধর্মীয় নেতা আলখতিব গত সপ্তাহে বলেছিলেন, তিনি আসাদের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী। যদিও তিনি সে সময় বিভিন্ন শর্ত দিয়েছিলেন, তবুও তাঁর প্রস্তাব জোটের সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। জোটের অন্য নেতাদের মত হলো, সরকারের সঙ্গে যেকোনো আলোচনার পূর্বশর্ত হতে হবে আসাদের দেশত্যাগ।আলখতিব বলেন, যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, উদ্বাস্তু হয়েছে সাত লাখ এবং লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়ে ক্ষুধায় দিনযাপন করছে, সে যুদ্ধ বন্ধ করার জন্য সংলাপে বসা ‘বেঈমানী’ নয়।আল জাজিরাকে আলখতিব বলেন, ‘(সংলাপ বিষয়ে) সরকারকে অবশ্যই স্পষ্ট অবস্থান নিতে হবে। জনগণের স্বার্থে আমরা সহযোগিতার হাত বাড়াব এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দ্রুততর করব।’এদিকে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনাবাহিনী এটা প্রমাণ করেছে যে তারা লড়াইয়ে হারবে না। তবে সিরিয়া ইসরায়েলের বিমান হামলার কোনো জবাব দেবে কি না, তা পরিষ্কার করে জানাননি মন্ত্রী।