নিরাশাজনক নিয়ন্ত্রক পরিবেশে প্রবৃদ্ধির ধারায় খুশি জিপি
নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন ধরনের বাধা সত্ত্বেও গ্রামীণফোনের (জিপি) তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি নিয়ে খুশি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসন। তিনি বলেন, ‘সম্মানিত শেয়ারহোল্ডারদের আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, নিরাশাজনক রেগুলেটরি পরিবেশ সত্ত্বেও জিপি তার ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারা আরও উন্নত করতে পেরেছে।’ আজ শনিবার এক সংবাদবিজ্ঞপ্তিতে জিপির তৃতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব জানাতে তিনি এ কথা বলেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জিপি দুই হাজার ২৮৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ১৮ ভাগ এবং ৩৪৯ কোটি টাকা বেশি। আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় গ্রামীণফোন ৯ দশমিক ৫ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে।টোরে জনসন মনে করেন, ধারাবাহিক গ্রাহকসংখ্যা বৃদ্ধিসহ ডেটা, রোমিং ও হোলসেল বিজনেস এই ভালো আয়ের কারণে। বর্তমানে জিপির গ্রাহকসংখ্যা তিন কোটি ৫২ লাখ এবং মার্কেট শেয়ার প্রায় শতকরা ৪৪ ভাগ।আয়কর দিয়ে চলতি বছরের নিট মুনাফা শতকরা ২৪ দশমিক ৭ ভাগ মার্জিনসহ ৫৬৩ কোটি টাকা। আর শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ টাকা।নেটওয়ার্কের আধুনিকায়নে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৪৪৯ কোটি টাকা বিনিয়োগ করেছে জিপি। ফলে শুরু থেকে এ পর্যন্ত জিপির মোট বিনিয়োগের পরিমাণ ১৬ হাজার ৭৯৭ কোটি টাকা। আর তৃতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে কর, ভ্যাট ও শুল্ক হিসেবে জমা দিয়েছে এক হাজার ৩০৮ কোটি টাকা। ফলে প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণ ২২ হাজার ১৫৩ কোটি টাকা।জিপি সিইও টোরে বলেন, ‘জিপি দেশের প্রত্যন্ত অঞ্চলে সেরা টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া এবং শেয়ারহোল্ডারদের বিনিয়োগের সর্বোচ্চ মূল্য সৃষ্টির লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।’