নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইনের খসড়া চূড়ান্ত
ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের পুনর্বাসন করে জনশক্তি হিসেবে কাজে লাগানোর লক্ষ্যে আনা ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল ২০১১-এর প্রতিবেদন চূড়ান্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।সংসদের চলতি অধিবেশনেই এ বিলটি পাস করতে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপিত হবে বলে জানা গেছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন।সভায় বলা হয়, ভবঘুরে ও নিরাশ্রয় শ্রেণীর লোকজন সমাজে ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে মাদক চোরাচালান ও চুরি-ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের জনশক্তি হিসেবে কাজে লাগানো যাচ্ছে না। এতে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিরূপ প্রভাব পড়ছে। বিলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে এ ধরনের আশ্রয়কেন্দ্র করার বিধান রাখা হয়েছে। বিলে বিনা অনুমতিতে আশ্রয়কেন্দ্র ত্যাগ করলে শাস্তির সুপারিশ করা হয়েছে।প্রস্তাবিত আইনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উপদেষ্টা বোর্ড গঠনের কথা বলা হয়েছে। বিলটি পাস হলে নিরাশ্রয় ব্যক্তিদের পুনর্বাসনে ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র খোলা হবে।কোনো ব্যক্তি আশ্রয়কেন্দ্রে আসার পর দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। চাকরি পেলে, নিজের প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জনের মতো দক্ষতা অর্জন করলে অথবা স্বজনেরা তাঁর দায়িত্ব নিলে তিনি আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে পারবেন।সভায় সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক ছাড়াও কমিটির সদস্য মনিরুল ইসলাম, আ ক ম বাহাউদ্দিন ও নুরন্নবী চৌধুরী; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রণজিত্ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত ২২ মে চলতি অধিবেশনের প্রথম দিনে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল সংসদে উত্থাপন করা হয়েছিল।