নিরাশ্রয়ীর নিরাপদ ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনে আরা বেগম কাকে যেন খুঁজছিলেন। তাঁর হাতে খাবারের প্যাকেট। আশপাশে একটু ঘোরাফেরা করতেই তার দেখা পেলেন। বুকে বাচ্চা আগলে ছাদ থেকে নেমে আসছিল তাঁর দিকে। প্যাকেট থেকে কলা বের করে সামনে বাড়িয়ে দিতেই নির্ভয়ে এক হাতে সেটি নিয়ে অন্য হাত বাড়িয়ে দেয় বিস্কুটের প্যাকেটের দিকে। যেন সে খুব ভালো করেই জানে, হোসনে আরা বেগমের হাতের কলার মতো বিস্কুটের প্যাকেটটিও তার জন্যই আনা। সে একটি মা-বানর। বিস্কুট-কলা হাতে পেতেই লম্বা লাফ। এক্কেবারে মাজারের ছাদে।সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার টিলায় হজরত সৈয়দ চাষনী পীরের (রহ.) মাজারে আশ্রয় নিয়েছে অনেকগুলো বানর। চট্টগ্রামের গৃহবধূ হোসনে আরা বেগম এসেছিলেন মাজার জিয়ারত করতে। দেখলেন, একপাল বানর আশ্রয় নিয়েছে মাজার ও আশপাশের টিলায়। অনেকেই বানরগুলোকে কলা, বিস্কুটসহ নানা ধরনের খাবার দিচ্ছেন খুশিমনে। এটা দেখে তাঁরও ইচ্ছা হয়েছিল বানরগুলোকে খাবার দিতে। ফিরে যাওয়ার পথে গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বললেন, ‘আসছিলাম মাজার জেয়ারত করতে। বানরের পাল দেখে মায়া হচ্ছিল। নিজ হাতে কিছু খাওয়ানোয় মনে শান্তি পাইলাম।’মাজার জিয়ারতে এসে হোসনে আরা বেগমের মতো অনেকেই বানরগুলোর প্রতি মমতাপরবশ হয়ে উঠছেন। তাঁদের দেওয়া খাবার খেয়ে খাদ্যসংকট ঘুচেছে বানরগুলোর। বেশ নিরাপদেই রয়েছে তারা ছানাগুলো নিয়ে সদলবলে।এলাকাবাসী ও মাজার কমিটি সূত্র জানায়, হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হজরত সৈয়দ চাষনী পীরের (রহ.) মাজারটি যে টিলার ওপর অবস্থিত, তার চারপাশে একসময় ছিল ঘন বন। মাজারের পেছনে দলদলি চা-বাগান। ১৯৮৪ সালের দিকে দলদলি এলাকায় বন কেটে বসতির পত্তন হয়। এই বনে ছিল অসংখ্য বানর। লোকালয় গড়ে ওঠায় বানরগুলো আশ্রয়হীন হয়ে পড়ে। একপর্যায়ে তারা এসে মাজারের টিলা এলাকায় আশ্রয় নেয়। মাজারের আশপাশে বিচরণ করায় বানরগুলোকে কেউ বিরক্ত করত না, বরং সামনে এলে দর্শনার্থীরা তাদের এটা-ওটা খেতে দিতেন। এভাবেই দিনে দিনে বানরগুলোর মধ্যে ভয়ভীতি কমে যায় এবং লোকজনের সঙ্গে একধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এখন মাজারকে কেন্দ্র করে টিলার ১ একর ৭৮ শতাংশ এলাকা নিরাশ্রয়ী বানরগুলোর নিরাপদ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে।মাজারের খাদেম মোহাম্মদ আজাদ জানান, দর্শনার্থীদের দেওয়া খাদ্যেই মূলত বানরগুলো বেঁচে আছে। তবে মাজারে যখন দর্শনার্থীর সংখ্যা কম থাকে, তখন ওরা আশপাশের লোকবসতিতে চলে যায়। স্থানীয় বাসিন্দারাও তাদের কিছু কিছু খেতে দেন। খাবার নিয়ে বানরগুলো আবার টিলা এলাকায় চলে আসে। বানরগুলোর দেখভাল করার জন্য মাজার কমিটির পক্ষ থেকে পাঁচজনের একটি কমিটিও করা হয়েছে বলে তিনি জানান।কমিটির সদস্যরা জানালেন, দলদলি বনে প্রায় ৪০০ বানর ছিল। লোকবসতি হওয়ায় তারা আশ্রয়হীন ও খাদ্যসংকটে পড়ে। সংখ্যাও কমে যায়। এখন মাজার এলাকায় আছে শ দেড়েক বানর। এর মধ্যে ২৫টি বানর বাচ্চা দিয়েছে।মাজার এলাকায় ঘুরে দেখা গেল, বানরগুলো আশপাশের বাড়ির ছাদে, মাজারের কাছেই পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের ছাদ এবং এর প্রাঙ্গণের আশপাশের গাছে বেশ মনের সুখেই আছে। ছোট ছোট দল বেঁধে বিচরণ করে তারা। সাধারণত সকাল ও বিকেলে মাজারে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে। এ সময় বানরগুলো মাজারের চত্বরে নেমে আসে।আন্তর্জাতিক পরিবেশ দিবস সামনে রেখে গতকাল শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব সিলেট সানসাইন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা বানরগুলোকে খাবার দেওয়ার আয়োজন করে। ‘পরিবেশ রক্ষায় বন ও প্রাণী সংরক্ষণে সচেতন হোন’—আহ্বান জানিয়ে তাঁরা মাজার চত্বরে বানরগুলোর মধ্যে খাদ্য বিতরণ করেন। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘সিলেটে বনাঞ্চল কমে যাওয়ায় নিরুপায় হয়ে বন্য প্রাণীগুলো প্রায়ই লোকালয়ে চলে আসছে। এসব বন্য প্রাণীর প্রতি হিংসাত্মক আচরণ না করে এগুলোকে সহানুভূতির দৃষ্টিতে দেখার জন্য জনসচেতনতা সৃষ্টিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।’বন বিভাগের বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবাসস্থল বিপর্যয়ের মুখে পড়ে লোকালয়ে আসা এই বানরগুলো যেহেতু মানুষের মায়া পাচ্ছে, তাই এগুলোকে বনে ফেরানো কঠিন হবে। বনে খাবার-সংকটও আছে। এখানে তাদের খাবার জোগাড় করতে হচ্ছে না। লোকালয়ে বসবাসেও ওরা অভ্যস্ত হয়ে উঠেছে। এখন বানরগুলোকে দেখভালের মধ্যে রাখতে হবে।’