নিরুত্তাপ হরতালে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার আধা বেলা হরতাল পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।এক দিনের ব্যবধানে বিরোধী দলের ডাকা দ্বিতীয় হরতালটি ছিল অনেকটাই নিরুত্তাপ। গত রোববারের রাজপথ অবরোধ ও মঙ্গলবারের হরতালের তুলনায় গতকাল গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা অনেক কম ছিল। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা ছিল বেশি। গতকাল রাজধানী ঢাকায় ছয়টি গাড়ি ভাঙচুর ও একটি অটোরিকশায় আগুন দিয়েছে হরতালকারীরা। আর ঢাকার বাইরে সারা দেশে ৫২টি যানবাহন ভাঙচুর, তিনটিতে অগ্নিসংযোগ ও ২১টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।পুলিশ সূত্র জানায়, হরতাল চলাকালে ঢাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল ভোররাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করেছে র‌্যাব। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১৬৪ জনকে পুলিশ আটক করেছে।হরতাল শেষে বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেন, গতকাল হরতালে সারা দেশে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ ও সরকারদলীয় ‘সন্ত্রাসীদের’ হামলায় ৮৪৭ নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর বিএনপির নেতা নবীউল্লাহ, মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান। এ ছাড়া বুধবার রাত থেকে এক হাজার ৮০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং তিন হাজারের বেশি নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে বলে বিএনপি দাবি করেছে।ঢাকা মহানগর জামায়াত এক বিবৃতিতে দাবি করে, গতকালের হরতালে ঢাকায় দলটি ৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের ‘সন্ত্রাসীদের’ হামলায় ২০ জন আহত হয়েছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে সারা দেশে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল পালন করে ১৮ দলীয় জোট। হরতালের কারণে সকালে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দুপুরে বাস চলাচল শুরু হয়। তবে লঞ্চ ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। দিনের শুরুতে রাজধানীতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।যাত্রাবাড়ী: হরতালকারীরা ভোরেই যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও সানারপাড়ায় টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ১০টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতা নবী উল্লাহসহ তিনজনকে আটক করে। মিরপুর ও গাবতলী: বেলা সোয়া ১১টার দিকে কিছু যুবক পূর্ব শেওড়াপাড়ার রোকেয়া সরণিতে পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। এর মধ্যে বিআরটিসির একটি দ্বিতল বাস, দুটি মিনিবাস, একটি কার ও একটি ট্যাক্সিক্যাব রয়েছে। এ ছাড়া মিরপুর বাঙলা কলেজের সামনে ও দারুসসালাম এলাকায় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়: কয়েক দিন ধরেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ভোর থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় অন্তত ১৩টি ককটেল বিস্ফোরিত হয়। সকাল থেকে দলীয় কর্মীদের কাউকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কার্যালয়ে ঢুকতে গেলে অন্তত দুজন কর্মীকে আটক করে পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবীসহ যাঁরা আগে থেকে কার্যালয়ের ভেতরে ছিলেন, তাঁদের কেউ বেরোতে পারেননি। কার্যালয়ের প্রবেশমুখে বিএনপির ২৫ থেকে ৩০ নেতা-কর্মী সকাল থেকে অবস্থান নেন। সেখানে তাঁরা হরতালের সমর্থনে থেমে থেমে স্লোগান দেন। অন্যান্য এলাকা: সকাল ছয়টার দিকে সংসদ ভবনের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। সাড়ে ১০টার দিকে বংশাল মোড়ে ককটেল বিস্ফোরণে নারীসহ দুজন আহত হন। সকাল সাড়ে সাতটার দিকে আজিমপুরে ছাত্রদলের কর্মীরা মিছিল বের করে, সেখানেও একটি ককটেল ফাটানো হয়। তার আগে কাঁটাবন এলাকায় ছাত্রদল মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।সকাল নয়টায় খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পিকেটাররা কয়েকটি ককটেল পাঠায়। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় একই সময়ে মালিবাগে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ বাধা দিলে পাঁচটি ককটেল ফাটানো হয়। হরতাল শেষে বিকেলে মতিঝিল ও বাংলামোটর এলাকায় শিবির মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।মাঠে ছিল আ.লীগ: মঙ্গলবারের হরতালের মতো গতকালও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ছিলেন। তাঁরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, মালিবাগ মোড়, কাকরাইল মোড়, বেইলি রোড, মহাখালীসহ রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল করেন। অধিকাংশ মিছিলেই অনেক মোটরসাইকেল দেখা গেছে। সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি ও সহযোগী সংগঠনের নেতারা হরতাল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।জামায়াতের নেতা গ্রেপ্তার: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে গতকাল ভোররাতে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁকে গতকাল বিকেলে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়।গতকাল সন্ধ্যায় হাজারীবাগ থানার উপপরিদর্শক আলী আজম তালুকদার প্রথম আলোকে বলেন, শফিকুর রহমানের কাছে ককটেল ও হাতবোমা ছিল বলে র‌্যাব লিখিতভাবে জানিয়েছে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শফিকুর রহমান জামায়াতের হিংসাত্মক কাজের প্রণেতা। এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হবে।এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। তিনি বলেন, জনরোষে দিশেহারা সরকার আন্দোলন দমন করার জন্যই শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। তিনি শফিকুর রহমানসহ আটক সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।