রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় গতকাল মঙ্গলবার ককটেল বিস্ফোরণ, বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাঙচুরের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। তবে দেশের বেশির ভাগ স্থানেই হরতাল ছিল ঢিলেঢালা ও নিরুত্তাপ। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত: ঢাকায় ঢিলেঢালা হরতাল: হরতালে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাশকতা চালানোর অভিযোগ পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে। গতকাল রাজধানীতে গণপরিবহন চলাচল অন্যান্য হরতালের তুলনায় বেশি ছিল। ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হরতালের সমর্থকেরা তিনটি গাড়ি ভাঙচুর ও দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে।পূর্ব জুরাইনের খোরশেদ আলম লেনে বাসার সামনে ককটেল বিস্ফোরণে ৫৩ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম বাঁ পায়ে এবং তাঁর মেয়ে এইচএসসি পরীক্ষার্থী রোকেয়া ইসলাম (২১) কানে আঘাত পান।বিএনপি গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে বলেছে, হরতালে তাদের ১৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে ২৯০ জন। সকাল সোয়া সাতটার দিকে খিলগাঁও বিক্রমপুর অ্যান্ড পোড়াবাড়ি সুইটসের পাশে গাড়ি ভাঙচুর হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সৈয়দা দিলারা ইসলাম, নিলুফার ইয়াসমিন ও মিলি জাকারিয়াকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শামীম বানু দোষী সাব্যস্ত করে তাঁদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল সকাল ছয়টার দিকে মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনের রাস্তায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ধাওয়া করে শহীদুল ইসলাম ও জাকির হোসেন নামের দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের দশমাইল এলাকায় ভোরবেলা পিকেটারদের হামলার শিকার হয়েছে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখী প্রথম আলো পত্রিকাবাহী একটি গাড়ি।খুলনা: দুটি বেবিট্যাক্সি ভাঙচুর ও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। কেউ হতাহত হয়নি। সকালে নগরের মজিদ সরণিতে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে শিবিরের কর্মীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান।খানজাহান আলী থানা শাখার শিবিরের সভাপতি মো. আজহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তিনটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহ: গফরগাঁওয়ে বিএনপির কর্মীরা পৌর শহরের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের সঙ্গে হরতালের সমর্থক বিএনপির কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সিলেট: সিলেটে হরতালে পিকেটিং করায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুই কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরের দিকে নগরের মীরবক্সটুলা এলাকায় পিকেটিং করছিলেন নগর ছাত্রদলের কর্মী পারভেজ আহমদ ও খালেকুজ্জামান। পরে তাৎক্ষণিক অর্থদণ্ড পরিশোধ করে তাঁরা ছাড়া পান। নোয়াখালী: নোয়াখালীতে নাশকতার আশঙ্কায় হরতালের আগের রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।খাগড়াছড়ি: মহাজনপাড়া এলাকার কলেজ রোডে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে স্কুলগামী ছাত্রছাত্রীদের বহন করা ব্যাটারিচালিত একটি রিকশায় হামলা চালানো হয়েছে। এতে দুই স্কুলছাত্র আহত হয়।নাটোর: সড়ক অবরোধ করে পাঁচটি অটোরিকশা ভাঙচুরের অভিযোগে পুলিশ গতকাল দুপুরে নাটোরের তেবাড়িয়া মহল্লা থেকে জালাল হোসেন (২৫) ও শান্ত রহমান (১৯) নামের দুই যুবককে আটক করে। বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সিরাজগঞ্জ: সকাল সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ শহরের জগাইমোড়ে হরতালকারীরা পিকেটিং করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ হরতালকারীদের ছত্রভঙ্গ করতে চারটি টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে পাঁচজন আহত হয়।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রায়গঞ্জ উপজেলায় পাঁচটি যানবাহন ও একটি কাপড়ের দোকানে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা হয়েছে। লালমনিরহাট: সকালে অফিসে যাওয়ার পথে পিকেটারদের হামলায় আহত হয়েছেন দুই চিকিৎসক। আহত চিকিৎসকেরা হলেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি মো. জাকিউল ইসলাম ফারুকী ও মো. রফিকুল ইসলাম। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে সদর থানায় একটি মামলা করেছেন জাকিউল ইসলাম ফারুকী। রাজশাহী: সকালে পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের তিন দফা সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ বিএনপির এক কর্মীকে আটক করে। সাতক্ষীরা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকায় টায়ার জ্বালিয়ে ও ইট বিছিয়ে মহাসড়ক অবরোধ করেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা বাজারে হরতালের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। বাঘারপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদী: ভেলানগর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা। মাধবদীতে পিকেটিং করার সময় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিন মেম্বার ও ছাত্রনেতা ইসহাক মিয়া ও ভেলানগরে মিন্টু মিয়া নামের তিনজনকে আটক করেছে পুলিশ।চাঁদপুর: সকাল আটটা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় একটি বিশাল কড়ইগাছ কেটে ফেলে রাখে হরতালকারীরা। খবর পেয়ে চাঁদপুর ও কুমিল্লা থেকে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি সরিয়ে ফেলে।