নিরুত্তাপ হরতালে সতর্ক পুলিশ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরসহ জেলার আটটি উপজেলায় আজ শনিবার সকাল ছয়টা থেকে টানা তিন দিনের হরতাল চলছে। তবে হরতাল ডেকে মাঠে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। জেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ হয়নি। যেকোনো সহিংস ঘটনা ঠেকাতে সতর্ক রয়েছে পুলিশ। সকাল পর্যন্ত পুলিশ ১৩৮ জনকে গ্রেপ্তার করেছে।গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের একাধিক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হন। এর প্রতিবাদে জেলা জামায়াত আজ শনিবার ও কাল রোববার কক্সবাজার জেলায় এবং সোমবার সারা দেশে হরতাল ডেকেছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন আজ সকালে প্রথম আলো ডটকমকে জানান, এখন পর্যন্ত পর্যটন শহরসহ জেলার কোথাও অঘটন ঘটেনি। অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও র্যাবের সদস্য মোতায়েন রয়েছেন। গ্রেপ্তার অভিযান শুরু হওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মাঠ ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তবে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরের কর্মীরা যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারেন—এ আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।ওসি জানান, গতকালের সংঘর্ষ, সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের প্রায় চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা করেছে। এসব মামলায় এ পর্যন্ত ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক।