নির্জন ঢাকার খোঁজ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী ঘটছে ঢাকা শহরে, ভাবা যায়? ভাবার আগেই নিশ্চয়ই উত্তর এসে যায়, এই নগরে দিন দিন বাড়ছে দালানকোঠা, যানবাহন। এসবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নাগরিক সমস্যা। কমছে হাঁটার জায়গা, মুক্ত আকাশ।এসব বিষয় যে কারও মাথায় চলে আসে। এর বাইরে কিছু চিন্তা করেছেন কয়েকজন শিল্পী। তাঁদের শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে চলছে প্রদর্শনী ‘ঢাকা সিকস্ সলিচ্যুড’। এতে রয়েছে স্থাপনাশিল্প, ডিজিটাল প্রিন্ট, চিত্রকর্ম। ঢাকা নগরের বিভিন্ন বিষয় উঠে এসেছে প্রদর্শনীর শিল্পকর্মে।নগরে গাছ লাগানোর জায়গা নেই। হারিয়ে যাচ্ছে সবুজ। ধূসর হয়ে পড়েছে নগরের উদ্যান। জায়গা কমে যাওয়ায় গাছ লাগানোর চমৎকার, ব্যতিক্রম একটা স্থাপনাশিল্প দাঁড় করিয়েছেন শিল্পী রনি আহমেদ। শতাধিক জুতা পরিণত হয়েছে টবে। এর ভেতর লাগানো হয়েছে গাছের চারা। জুতাগুলো আবার ঝুলছে একটা বাঁশের কাঠামোয়। গ্যেটে ইস্টিটিউটে ঢুকতেই হাতের বাঁয়ে চোখে পড়বে স্থাপনাকর্মটি। নিচতলায় স্থান পাওয়া এ রকম শিল্পকর্ম রয়েছে ভবনের একদম ওপরে, মানে ছাদেও। ভবনের নিচ থেকে ওপর পর্যন্ত সাজানো হয়েছে বিভিন্ন শিল্পকর্ম দিয়ে।সিঁড়ি দিয়ে উঠতে গেলেই দেয়ালে চোখে পড়ে কিছু চিত্রকর্ম, যেগুলো ডিজিটাল প্রিন্ট-মাধ্যমে করা। অন্যদিকে দোতলায় রয়েছে কিছু বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম। তবে এগুলোয় রয়েছে বৈচিত্র্য। যেমন শিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’, এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন। ‘মোনালিসা’র ব্যাকগ্রাউন্ডের এক পাশে রয়েছে ঢাকেশ্বরী মন্দির।আবার শিল্পী সালভাদর দালির চিত্রকর্মের একটিতে ঢুকে পড়েছে মতিঝিলের শাপলা চত্বর, অন্যটিতে দোয়েল চত্বর। নগরের অতি পরিচিত যান সিএনজিচালিত অটোরিকশাও দেখা গেল একটি চিত্রকর্মে। শিল্পী রনি আহমেদ এই প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘ঢাকা শহরের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। তাই বিখ্যাত চিত্রকর্মে নগরের কিছু পরিচিত বিষয় ঢোকানো হয়েছে সবকিছুর প্রতিবাদে।’প্রদর্শনীতে নগরের অতিপরিচিত কিছু মুখচ্ছবি ও হারিয়ে যাওয়া বিষয় নিয়ে আরেকটি স্থাপনাশিল্প উপস্থাপন করেছেন শিল্পী রোকেয়া সুলতানা। পিরামিড আকৃতির এই স্থাপনাশিল্পে রয়েছে ঢাকাই চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, রিকশাচিত্রসহ বিভিন্ন বিষয়। এ ছাড়া যানজটের ওপর রয়েছে একাধিক চিত্রকর্ম। অন্যদিকে শিল্পী মুস্তাফা জামানের স্থাপনাশিল্পে উঠে এসেছে ঢাকার ভূগর্ভের অবস্থা, পরিবেশদূষণ প্রভৃতি।‘ঢাকা সিকস্ সলিচ্যুড’ প্রদর্শনীর কিউরেটর শিল্পী মুর্শিদা আরজু আল্পনা বলেন, ‘গত ১০ বছরে ঢাকার অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়েছে। আমাদের জীবনের ওপর হুমকি বেড়েছে। যানজট, শব্দদূষণ, বায়ুদূষণসহ ঢাকা শহরের পরিবেশের ওপর যে চাপ পড়ছে, তাই নিয়ে শিল্পীদের চিন্তাগুলো এখানে প্রকাশ পেয়েছে।’