নির্জন হলে নিরানন্দ ঈদ
‘সবাই যখন মা-বাবা, ভাইবোন বন্ধুদের সঙ্গে আনন্দ করছে, এটা ছেড়ে ওটা খাচ্ছে, তখন আমি খাবারের সন্ধানে ঘুরে মরছি। খাবারের হোটেল বন্ধ থাকায় প্রায় অভুক্তই থাকতে হয়েছে ঈদের দিন।’ এভাবেই গতবার হলে ঈদ করার অভিজ্ঞতার বর্ণনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোস্তফা আবু রায়হান। তাঁর এখন স্নাতক-সম্মানের চূড়ান্ত পরীক্ষা চলছে। মাঝে পড়ে গেছে ঈদ। তাই এবারও বাড়ি যাওয়ার কথা ভাবতে পারছেন না রায়হান।নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় রমজান মাস আর ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে আরও কয়েক দিন আগে। কিন্তু পরীক্ষা চলায় বাড়ি যাচ্ছেন না অনেকে। কেউ কেউ বাড়ি যাওয়ার জন্য বাস বা ট্রেনের টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন। আবার কিছু শিক্ষার্থীর টিকিট কেনার টাকা নেই। তাঁরা ইচ্ছা থাকলেও বাড়ি যেতে পারছেন না। আবার অসুস্থ থাকায় কারও কারও পক্ষে লম্বা ভ্রমণ করে বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না।ঈদের সময় হলে যাঁরা বাধ্য হয়ে থাকেন, তাঁদের প্রধান সমস্যা খাওয়াদাওয়া। কেননা, ঈদের দুই দিন আগে সব হলের ক্যানটিন বন্ধ হয়ে যায়। মেস বন্ধ হয় আরও আগে। ঈদের আগের দিন পর্যন্ত বাইরের রেস্তোরাঁয় খাবার পাওয়া যায়। কিন্তু ঈদের দিন থেকে টানা দু-তিন দিন রেস্তোরাঁগুলোরও কপাট বন্ধ থাকে। এ প্রসঙ্গে নীলক্ষেতের মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মী রাজু বলেন, ‘আমাদের হোটেলে ভার্সিটির ছাত্ররাই খায়। ভার্সিটি বন্ধ থাকায় আমাদের হোটেল ঈদের পর তিন-চার দিন বন্ধ থাকবে।’ শুধু নীলক্ষেত নয়, বিশ্ববিদ্যালয়ের আশপাশে চানখাঁরপুল, শাহবাগের সব রেস্তোরাঁ ঈদের সময় বন্ধ থাকবে বলে জানিয়েছেন একাধিক রেস্তোরাঁর মালিক। এতে বিপদে পড়ে যাবেন হলে থাকা শিক্ষার্থীরা। তাঁদের নিজেদেরই রান্না করে খেতে হবে। কিন্তু চুলা আর আগুনের অভাবে এই কাজও কঠিন হয়ে দাঁড়ায়। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হলগুলোয়ও একই সমস্যা। সেগুলোয় বৈদ্যুতিক হিটার নিষিদ্ধ। ঈদের ছুটিতে হলে থাকলে শিক্ষার্থীদের বাইরে কোথাও খাওয়ার কাজটি সারতে হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী গালিব। বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের অবশ্য হিটারের কোনো ঝামেলা নেই। এখানকার সব হলের প্রতি তলায় দুটি করে গ্যাসের চুলা রয়েছে। এ জন্য তাঁদের রান্না করতে কোনো সমস্যা হয় না বলে জানান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।শিক্ষার্থীদের খাওয়া নিয়ে যখন এত সমস্যা, তখন আশার কথা শোনাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের ক্যানটিনের পরিচালক মো. মনির হোসেন। তিনি জানান, ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে ক্যানটিন। যেকোনো হলের শিক্ষার্থীরা এখানে এসে খেতে পারবেন।ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ অবশ্য শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করে। সকালে নামাজের আগে সেমাই আর নামাজের পর বিরিয়ানির ব্যবস্থা করেই খালাস হল কর্তৃপক্ষ। জিয়া হলের মোস্তফা আবু রায়হান বলেন, ‘যে সেমাই দেয়, তাকে সেমাই না বলে সেমাইয়ের স্যুপ বলাই ভালো।’ তবে হলে থেকে আগের কোনো ঈদে খাওয়ার ঝামেলায় দুর্ভোগে ছিলেন এমন শিক্ষার্থীরা এখনই প্রস্তুতি নিয়ে রাখছেন। এর মধ্যে তাঁরা চিঁড়া, মুড়ির মতো শুকনো খাবার কিনে রাখছেন। চিনি কিনতেও ভুলছেন না। আর সপ্তাহখানেক চলার মতো চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল ঈদের আগেই কিনে রাখবেন তাঁরা। ঈদের আগে অনেকেই মুঠোফোনে পর্যাপ্ত টাকা রিচার্জ করে নিতেও ভুলবেন না বলে জানান হলে থাকা একাধিক শিক্ষার্থী।