১৪ জানুয়ারি ছিল সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণোৎসব’-এর আয়োজন করা হয়। সেলিম আল দীনের লেখা ও সুর করা গান গেয়েছেন ফাহমিদা নবী। আর এই গানগুলো নিয়ে বেরিয়েছে অ্যালবাম আকাশ ও সমুদ্র অপার। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলা হয়। সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এর আগে ১৩ জানুয়ারি ঢাকার এক রেস্তোরাঁয় অ্যালবামটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক আরেকটি অনুষ্ঠানের আয়োজন করে। অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা। আজকের কথোপকথন ফাহমিদা নবীর সঙ্গে।‘আকাশ ও সমুদ্র অপার’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।সেলিম আল দীন আমাকে খুব পছন্দ করতেন। গানগুলো করার প্রথম দিকে তিনি আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন। তা ছাড়া আধুনিক গানে বৈচিত্র্য আনার একটা ভাবনাও ছিল তাঁর। অ্যালবামে আমি তা ধরে রাখার চেষ্টা করেছি। অ্যালবামের গানগুলোয় জীবনবোধের একটা ব্যাপার আছে। প্রায় তিন বছর গানগুলো নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করতে হয়েছে।অ্যালবাম তৈরির পরিকল্পনা কবে থেকে হলো?সেলিম আল দীনের সঙ্গে প্রথম দেখা হয় এক কবিতা-সন্ধ্যায়। সেখানেই আমাদের কিছুক্ষণ কথাবার্তা হয়। ওই দিন সেলিম আল দীন তাঁর গান করার জন্য আমাকে বললেন। আমিও রাজি হয়ে যাই। তাঁর জন্মদিনে আমাকে ফোন করেন। সেদিনও আমরা অ্যালবামের বিষয়ে অনেক আলোচনা করি। এরপর ৪ জানুয়ারি আমার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানান। সেদিন ‘আকাশ ও সমুদ্র অপার’ গানটি তিনি আমাকে গেয়ে শোনান। এভাবেই অ্যালবামটির পরিকল্পনা শুরু হয়।অ্যালবামটি নিয়ে সেলিম আল দীনের সঙ্গে কোনো স্মৃতি আছে?অনেক স্মৃতি। এগুলো বলে শেষ করা যাবে না। সেলিম আল দীনের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি প্রায়ই বলতেন, মরে যাবেন। কেমন যেন একটা আক্ষেপ। এ নিয়ে তাঁর সঙ্গে ঝগড়া করেছি। কিন্তু পরিচয়ের খুব অল্পদিনে যে তিনি এভাবে চলে যাবেন, কখনো ভাবতেই পারিনি। নতুন কী কাজ করছেন?আহা! ছবির পর ২০০৭ সালে এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এবং ফোয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে একটি একক অ্যালবামের কাজ শুরু করেছিলাম। মাঝে অনেক দিন কাজটা থেমে ছিল, আবার তা শুরু করেছি। এ ছাড়া আমার স্কুল কারিগরির ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিক্সড অ্যালবামের কাজও চলছে।