‘আলোচনার জন্য আমার বাড়িতে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণ’
নির্দলীয় সরকার মানতে ৪৮ ঘণ্টা সময় খালেদার
নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন বিরোধীদলীয় নেতা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে এমন কর্মসূচি দেওয়া হবে, যাতে সরকার বিদায় নেবে অথবা ভয়ে পালিয়ে যাবে।আজ শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশে খালেদা জিয়া এই সময়সীমা বেঁধে দেন।সংলাপের প্রস্তাবকে ‘নাটক’ আখ্যা দিয়ে খালেদা জিয়া দাবি করেন, জনগণের দৃষ্টি ফেরাতে হঠাত্ করে প্রধানমন্ত্রী সংলাপের কথা বলছেন। তিনি বলেন, ‘আগে সরকারকে পরিষ্কার বলতে হবে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সংবিধান সংশোধনের বিল আনতে হবে।’ প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার যেভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, সেভাবে এ বিষয়ে বলতে হবে। সেই সঙ্গে ‘নির্দলীয় সরকারের রূপরেখা ঠিক করতে’ প্রধানমন্ত্রীকে নিজের বাসায় চায়ের আমন্ত্রণও জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।বক্তব্যের শেষ পর্যায়ে খালেদা জিয়া সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি যদি বলি ২৪ ঘণ্টা এখানে অবস্থান করব, করবেন?’ এ সময় উপস্থিত প্রায় সবাই হাত তুলে, স্লোগান দিয়ে তাঁকে সমর্থন জানান। এরপর বিরোধী দলের নেত্রী বলেন, ‘আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি আছে। তাই আপনারা রাজি হওয়া সত্ত্বেও আমি কর্মসূচি দিচ্ছি না।’তখন সরকারকে সময় বেঁধে দিয়ে খালেদা জিয়া বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ঘোষণার জন্য ৪৮ ঘণ্টা টাইম দিচ্ছি। না হলে এমন কর্মসূচি দিতে হবে, আপনার বিদায় নেবেন, নইলে ভয়ে পালিয়ে যাবেন।’এরপর নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া আবার বলেন, ‘৪৮ ঘণ্টা পরে ডাক দিলে আবার আপনারা হাজির হবেন তো?’ এ সময় উপস্থিত জনতা আবারও হাত তুলে খালেদা জিয়াকে সমর্থন জানান। খালেদা জিয়া বলেন, ‘সে সময় সরকার যদি জায়গা দেওয়া নিয়ে ধানাইপানাই করে, তাহলে অনুমতির অপেক্ষা করব না। যেখানে পারব সেখানেই বসে যাব।’নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ কয়েকটি দাবিতে ডাকা ১৮ দলের সমাবেশে ঢাকা ও এর আশপাশের জেলাগুলো ছাড়াও দূরের অনেক জেলার নেতা-কর্মীদেরও যোগ দিতে দেখা যায়। বেলা দুইটা থেকে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। তবে এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিলে যোগ দিতে থাকেন নেতা-কর্মীরা। মতিঝিল থেকে একদিকে দৈনিক বাংলা মোড়, অন্যদিকে নটরডেম কলেজ ও এর আশপাশ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন নেতা-কর্মীরা।বিকেল চারটার দিকে সমাবেশ মঞ্চে আসেন বিএনপির চেয়ারপারসন। বিকাল সোয়া পাঁচটার দিকে তিনি বক্তব্য দেওয়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা ১০ মিনিটের বক্তব্যে সাভারের ভবনধস, পোশাকশিল্প, সরকারের দুর্নীতি, দলীয়করণ, নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় উঠে আসে।সংলাপ ‘নাটক’সমাবেশে খালেদা জিয়া বলেন, সাভারে ভবনধসের পরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, আলেম-ওলামাদের বিক্ষোভের কারণে সরকার বিব্রত। এসব থেকে জনগণের দৃষ্টি ফেরাতে এখন সরকার সংলাপের ‘নাটক’ শুরু করেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘এটিই যথেষ্ট নয়। আপনাকে বলতে হবে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। দেশের স্বার্থে নির্দলীয় সরকার আনতে হবে। সাহস থাকে তো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করেন। দেখেন কী হয়?’আগে পরিবেশ তৈরি করুনপ্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদা জিয়া আরও বলেন, ‘আপনি সংলাপের কথা বলছেন। আগে পরিবেশ তৈরি করুন। সংবিধান সংশোধন হবে এই অ্যাজেন্ডা দেন। তাহলে আমরা আলোচনা করব।’ বক্তব্যের একপর্যায়ে খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী এখন আলোচনা, ফটোসেশন, সংসদে যাওয়াসহ বিভিন্ন কথা বলছেন। হয়তো তিনি চা খাওয়ার আমন্ত্রণও জানাবেন।’ খালেদা জিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য আমার বাড়িতে তাঁকে (প্রধানমন্ত্রী) চায়ের আমন্ত্রণ দিচ্ছি।’ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করা যায় নাবিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে বিশ্বাস করা যায় না। তিনি যখন সৌদি আরব যান তখন হিজাব পরেন। আবার ভারত গেলে সিঁদুর দেন। তাঁকে বিশ্বাস করা যায় না।’