দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রথাগতভাবে নির্দলীয় ভিত্তিতেই হয়ে আসছিল। কিন্তু এবার সংশোধিত আইন এবং এর আওতায় প্রথমবারের মতো তৈরি করা বিধিমালায় সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়ন না দেওয়ার বিধান করা হয়েছে। অথচ তা লঙ্ঘন করে ব্যাপকভাবে দলীয় ভিত্তিতে চেয়ারম্যান পদে প্রার্থী করা হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি জানতে পেরেও কার্যত চুপ করে বসে রয়েছে। একজন নির্বাচন কমিশনার প্রথম আলোর এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, দলগুলোকে বলার পরও তারা আইন-বিধি না মানলে করার কিছু নেই।দেখা যাচ্ছে, এবার বেশির ভাগ ইউনিয়ন পরিষদেই নির্বাচন হচ্ছে দলীয় মনোনয়নে। বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সভা করে প্রতি ইউনিয়নে একজন করে দলীয় প্রার্থী ঠিক করছে। অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানরা এ কাজে অগ্রণী ভূমিকা রাখছেন বলে অভিযোগ রয়েছে।এ কারণে ৩১ মে থেকে শুরু হতে যাওয়া ইউপি নির্বাচনে, বিশেষ করে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যাও আগের নির্বাচনের তুলনায় কমে যাচ্ছে। কারণ আগে নির্দলীয় নির্বাচনের কারণে স্থানীয়ভাবে প্রভাবশালী একই দলের তিন-চারজনও প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু রাজনৈতিক অবস্থান রক্ষায় এবার অনেকেই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার সাহস পাচ্ছেন না। আগে ইউপি নির্বাচনের জন্য পৃথক আইন থাকলেও কোনো বিধিমালা ছিল না। এবার এ নির্বাচনের জন্য নতুন আইন এবং ওই আইন অনুসারে বিধিমালা করা হয়েছে। বিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া যাবে না। মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অনেক জায়গায় রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা ইসিকে অবহিত করলেও এ পর্যন্ত কমিশন কার্যত নিষ্ক্রিয়। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে কয়েক দফায় বলা হলেও অনেক স্থানেই তারা তা শুনছে না। এখন আইন-বিধি না মানলে তো করার কিছু নেই। কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক দলগুলো বলছে, দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন না দিতে বলা হয়েছে। এখন এ নিয়ে নির্বাচন কমিশনের কিছু আর করার আছে বলে মনে হয় না। তবে এ রকম মাঠপর্যায়ের নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে পারলেই ভালো হতো।’ এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইসির আইন মেনেই নির্বাচন করতে বলা হয়েছে। এখন সমঝোতার ভিত্তিতে তিনজনের মধ্যে একজন প্রার্থী হলে তো কারও কিছু করার থাকে না। কিছু জায়গায় দলের নেতা-কর্মীরা একসঙ্গে বসে হয়তো প্রার্থী ঠিক করছেন। এটি হতেই পারে।প্রায়ই একই যুক্তি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। এ ব্যাপারে তিনি প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ পর্যায়ে রাজনীতির বিভেদ না ঢোকালেই ভালো। তবে স্থানীয়ভাবে কেউ যদি সমঝোতা করে নির্বাচন না করে, সে ক্ষেত্রে তো কারও কিছু বলার নেই।দ্বিতীয় দফায় এবারের ইউপি নির্বাচন ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে। ৪১৪টি উপজেলার তিন হাজার ৮১৩টি ইউপিতে এ দফায় ভোট গ্রহণ করা হবে। এর আগে গত মার্চে প্রথম দফায় উপকূলীয় অঞ্চলের ৫৫৩টি ইউনিয়নে ভোট হয়। দেশে বর্তমানে চার হাজার ৫০২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। নতুন বিধির নিষেধাজ্ঞা: আগে ইউপি নির্বাচনের জন্য পৃথক আইন থাকলেও কোনো বিধিমালা ছিল না। এবার নতুন আইন ও সে আইন অনুসারে নতুন বিধিমালা করা হয়েছে। বিধিমালা অনুসারে ইউপি নির্বাচনে কোনো প্রার্থী রাজনৈতিক দলের নাম ও পরিচয় ব্যবহার করতে পারবেন না। শুধু প্রার্থীর পোর্ট্রেট ছবি ছাড়া অন্য কারও ছবি পোস্টারসহ কোনো প্রচারণায় ব্যবহার করা যাবে না। সভা-সমাবেশ ও নির্বাচনী কার্যালয় খোলার ওপরও আরোপিত হয়েছে নিয়ন্ত্রণ। বিধিমালা না মানলে প্রার্থিতা বাতিলের পর্যন্ত ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া নির্বাচনী বিধি লঙ্ঘনের জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এসব শাস্তির ব্যবস্থা এটাই প্রথম।প্রার্থী কমছে: সর্বশেষ অনুষ্ঠিত ২০০৩ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গড় প্রার্থী ছিলেন ছয়জন। ইসির তথ্য অনুযায়ী, এবার চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা গড়ে চারজনেরও কম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনাও ঘটছে। তবে এমপিওভুক্ত শিক্ষকদের প্রথম দফায় বাদ দেওয়া এবং সারসহ বিভিন্ন সরকারি মালামালের ডিলারদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণাও প্রার্থী কমার কারণ বলে জানা গেছে। শেষ মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের যোগ্য ঘোষণা করা হলেও অনেকেই প্রার্থী হওয়ার সুযোগ পাননি।দুটি খণ্ডচিত্র: গত ৩ ও ৫ মে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই উপজেলায় পৃথক বর্ধিত সভা করে প্রার্থী চূড়ান্ত করা হয়। বর্ধিত সভায় পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ এবং শরিক দল জাতীয় পার্টির নেতারাও উপস্থিত ছিলেন। বোদা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করতে সমঝোতা করে প্রত্যেক ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হয়েছে। সাংসদ নুরুল ইসলাম বলেন, বর্ধিত সভায় দল-সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বিধিমালা ভঙ্গ হওয়ার অভিযোগ ঠিক নয়।অন্যদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দলীয় মনোনয়নের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। তবে এখানে বিএনপির দুটি পক্ষ থাকায় অনেক ইউনিয়নে বিএনপি-সমর্থিত দুজন প্রার্থী হচ্ছেন। দলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান পক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চলতি মাসের প্রথম সপ্তাহে বৈঠক করে নির্বাচনের প্রার্থী তালিকা ঠিক করেন বলে জানা গেছে। তবে দুই নেতাই দাবি করেছেন, তাঁরা মনোনয়ন নয়, ‘সমর্থন দিচ্ছেন’।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেছেন, ইউনিয়ন কমিটির সুপারিশকৃতদেরই তিনি সমর্থন করেছেন, তা চূড়ান্ত কিছু নয়। জেলা কমিটি যাঁদের সমর্থন দেবে, তাঁদের পক্ষেই তিনিসহ বিএনপির সব নেতা-কর্মী কাজ করবেন।সাংসদ হাফিজুর রহমান বলেন, বিএনপির ‘মূলধারায় থাকা এবং জনগণের সঙ্গে সম্পৃক্তদেরই’ নির্বাচনে দলীয়ভাবে সমর্থন দেওয়া হচ্ছে।