সংসদে বিরোধী-দলীয় নেতা খালেদা জিয়া আবারও বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন।বিবিসি বাংলা বিভাগকে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় বিরোধী দলের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ না করলেও কার্যত বিরোধীদলীয় নেতা ওই প্রস্তাবই গতকাল প্রত্যাখ্যান করলেন। খালেদা জিয়া বলেন, ‘শুধু নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’ তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘বিশ্বচোর’ বলে অভিহিত করে বলেন, ‘লুটেরা সরকার দেশের সব সম্পদ বিদেশে পাচার করছে। দেশের কী অবস্থা চিকিৎসক হিসেবে আপনারা তা ভালো জানেন। মানুষের খাবার কিনে খাওয়ার সামর্থ্য নেই, চিকিৎসা নেবে কীভাবে? ক্ষমতা নয়, দেশ রক্ষাই এখন বড়। সে কারণেই সব দল ঐক্যবদ্ধ হয়েছে। ঈদের পর দেশরক্ষার আন্দোলনে সবাই শরিক হব। নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো উপায়ে নির্বাচন হলে কোনো রাজনৈতিক দল তাতে অংশ নেবে না।’ খালেদা জিয়ার আগে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ক্ষমতা ক্ষমতা করবেন না। ক্ষমতায় গেলেই সব পরিবর্তন হয়ে যায়। ক্ষমতার বদলে বলেন, আমরা যখন দেশের মানুষের দায়িত্বপ্রাপ্ত হব।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ড্যাব একটি সুসংঘবদ্ধ প্রতিষ্ঠান। এই সংগঠনের মাধ্যমে দেশের মানুষ সুচিকিৎসা পেয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু ড্যাবের কর্মী হওয়ার কারণে যাঁদের বদলি হতে হয়েছে, নানাভাবে নাজেহাল হতে হয়েছে, ক্ষমতায় গেলে তাঁদের যোগ্য জায়গায় ফিরিয়ে আনা হবে। চিকিৎসক সমাবেশে গতকাল বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে আরও অংশ নেন সারা দেশ থেকে আসা ড্যাবের ৮৯টি কমিটির নেতারা।