নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ এখন সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচার, তত্ত্বাবধায়ক সরকার এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই দলের একের প্রতি অন্যের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিদ্যমান সংঘাতময় রাজনৈতিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যা দরকার, তা হলো প্রধান দুই দলের মধ্যে সংলাপ। সংলাপ না হলে আগামী নির্বাচন নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হবে। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এ বিষয়টি প্রাধান্য দিতে হবে।আর সংলাপ যদি করতে হয়, সে ক্ষেত্রে এ মুহূর্তে নির্দলীয় কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করতে হবে। দলীয়ভাবে রাষ্ট্রপতি নির্বাচন করলে বিরোধী দল তা মানবে না। তারা বর্তমানে যেসব কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখবে। সে ক্ষেত্রে সংলাপ হবে না। আর সংলাপ না হলে নির্বাচনও হবে না। এতে দেশের অবস্থা যে কতটা ভয়াবহ হবে, তা সহজে অনুমেয়। সুতরাং সম্ভাব্য সাংবিধানিক সংকট এড়াতে রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় ব্যক্তিই উত্তম। আমি মনে করি, ১৫ কোটি জনসংখ্যার দেশে সবার কাছে গ্রহণযোগ্য কোনো একজন ব্যক্তিকে অবশ্যই পাওয়া যাবে, যাঁর কোনো বদনাম নেই, যাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই এবং বিশেষ কোনো দলের প্রতি যাঁর কোনো অনুরাগ নেই। নির্বাচনে সরকারি দলের ভূমিকা যতটুকু, বিরোধী দলের ভূমিকাও ঠিক ততটুকু। যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তাঁকে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করতে হবে। আবার এমনও হতে পারে, আগামী নির্বাচনে বিরোধী দল জিততে পারে। সে ক্ষেত্রে তারা সরকার গঠন করবে। সেই সরকারের সঙ্গে কাজ করতে হবে বর্তমান রাষ্ট্রপতিকে। সুতরাং নির্বাচন-প্রক্রিয়ায় বিরোধী দলকে অংশ নিতে হবে এবং সরকারের উচিত হবে বিরোধী দলের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি নির্বাচন করা। ব্যারিস্টার রফিক-উল হক: বিশিষ্ট আইনজীবী