নির্দলীয় সরকার ছাড়া শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ নেই: ইউনূস
‘নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ড. ইউনূস সাংবাদিকদের এ কথা বলেন। ড. ইউনূস বলেন, দেশে অশান্তির কালো মেঘ ঘনিয়ে এসেছে। এ অশান্তি দেশের মানুষের প্রাপ্য নয়। কারও কারও ইচ্ছার কারণে, কোনো দল বা দলসমূহের ইচ্ছার কারণে যদি অশান্তির সৃষ্টি হয়, তাহলে দেশের মানুষ তাঁদের ক্ষমা করবে না। তিনি বলেন, ‘এর সমাধানে দেশের মানুষের মনে যেটা আছে, ব্যক্তিগতভাবে আমার মনেও তাই। আজ কাদের সিদ্দিকীর কাছেও শুনলাম যে নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। কাজেই নির্দলীয় সরকারের অধীন নির্বাচন হতে হবে এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই হতে হবে। এ ছাড়া গত্যন্তর নেই।’অধ্যাপক ইউনূস বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়। কারণ আমরা অগ্রসরের পথে আছি। এ সময়ে অশান্তি করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি ছিন্নভিন্ন হয়ে যাবে—তা কাম্য নয়।’ তিনি রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের এ অশান্তি রোধ করার জন্য আলাপ-আলোচনা করে ত্বরিত সিদ্ধান্তে আসতে হবে। কারণ সময় বেশি নেই।‘যারা গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে চায়, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া সঠিক নয়’—গত বুধবার ড. ইউনূসের দেওয়া এ বক্তব্যের উল্লেখ করে সাংবাদিকেরা প্রশ্ন করেন, তাহলে কি বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ ব্যাংক নিরাপদ হয়ে যাবে? জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, ‘কে এলে নিরাপদ হবে তা জনগণ ঠিক করবে। যেই আসুক, গ্রামীণ ব্যাংকসহ অন্য প্রতিষ্ঠানগুলো যেন নিরাপদ থাকে। দেশের ভবিষ্যৎ নিয়ে মানুষকে যাতে চিন্তা করতে না হয়, কারও ধমকের মধ্যে থাকতে না হয়। মানুষ যেন নিজের অধিকার নিজে রক্ষা করতে পারে এবং সম্মান ও স্বস্তির সঙ্গে থাকতে পারে। এর জন্য তো নির্বাচন দরকার।’সরকার বলছে তারা গ্রামীণ ব্যাংক ভাঙবে না, নিরাপদ থাকবে—এ কথা উল্লেখ করে বক্তব্য জানতে চাইলে ড. ইউনূস বলেন, যাঁরা বলছেন গ্রামীণ ব্যাংক নিরাপদ থাকবে, তাঁরা জনগণকে বোঝাক। মানুষ যদি নিশ্চিন্ত বোধ করে তাহলে তাঁদের ভোট দেবে।এ পর্যায়ে সাংবাদিকেরা জানতে চান, ড. ইউনূস রাজনীতিতে আসবেন কি না এবং বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর মধ্যে সমঝোতার কোনো উদ্যোগ নেবেন কি না। জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে আমার আসার সম্ভাবনা নেই। আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমঝোতার কোনো রাস্তাও আমার হাতে নেই।’ এ সময় পাশে বসা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ড. ইউনূসের ভবিষ্যতে রাজনীতি করা বা অন্য কোনো রাজনৈতিক দলে শামিল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে তিনি প্রমাণ করবেন, গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশকে তিনি সমানভাবে অনুভব করেন। দেশবাসী আশা করে, দেশের এই অবস্থায় তিনি ভূমিকা রাখবেন।’কাদের সিদ্দিকী দাবি করেন, কোনো ক্রমেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তিনি বলেন, ‘যে রেফারিকে কেউ বিশ্বাস করে না, তিনি জোর করে রেফারি হবেন। নিজেই খেলায় অংশ নেবেন এবং তাঁর দলও অংশ নেবে। এমন জবরদস্তি হিটলারও করেছিল কি না, আমার সন্দেহ হয়।’ কাদের সিদ্দিকী জানান, তাঁর দল পৃথিবীর দৃষ্টান্ত স্থাপনকারী গ্রামীণ ব্যাংক ও দেশের একমাত্র নোবেলজয়ী ড. ইউনূসের পাশে থাকবে। তিনি বলেন, ‘কেউ তার ইচ্ছেমতো দেশটাকে, দেশের ভেতরে সম্মান করার মতো প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবেন, আর আমরা বসে বসে দেখব তা হতে পারে না।’মতবিনিময় সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি নাসরিন কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।