নির্দলীয় সরকার নিয়ে নতুন রূপরেখা দেওয়ার কিছু নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সরকারের সঙ্গে আলোচনা চায় বিএনপি। এটাই সমস্যা সমাধানের সর্বোত্তম পন্থা বলে মনে করছে বিএনপি। তিনি বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখালে বিএনপি কঠোর আন্দোলনের পথ থেকে সরে আসবে।গতকাল শনিবার প্রথম আলো ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহবুবুর রহমান এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, নির্দলীয় সরকার নিয়ে নতুন করে রূপরেখা দেওয়ার কিছু নেই। ত্রয়োদশ সংশোধনী ও উচ্চ আদালতের রায়ের আলোকে এই সরকার গঠন করতে চায় বিএনপি। তবে ওই সরকারের প্রধান কে হবেন বা হতে পারেন, তা নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে। বিএনপি চায় রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে এটা নির্ধারণ করতে। তবে বিএনপির নিজস্ব ভাবনা তো থাকবেই। মাহবুবুর রহমান বলেন, আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক হবে। সেখানে নির্দলীয় সরকার নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাবের ব্যাপারে কথা হবে। তিনি জানান, নির্দলীয় সরকারের প্রধান কে হতে পারেন, তার একটি ভাবনা বিএনপি জনগণের সামনে তুলে ধরতে পারে। এটা গ্রহণযোগ্য হলে সরকার মেনে নিতে পারে। তবে এখনই সরকারের কাছে এ নিয়ে কোনো প্রস্তাব দেওয়ার চিন্তা বিএনপি করছে না। দাবি আদায়ের আন্দোলন সম্পর্কে সাবেক এই সেনাপ্রধান বলেন, আন্দোলন হবে ধাপে ধাপে। এটা কঠোর থেকে কঠোরতর হবে। সরকার যদি বিএনপির দাবি নিয়ে আলোচনা করতে না চায়, দাবির ব্যাপারে ইতিবাচক মনোভাব না দেখায়, তাহলে আন্দোলনই একমাত্র পথ।