নির্দলীয় সরকার নিয়ে মওদুদের বক্তব্য ব্যক্তিগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে তাঁদের দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্য দলীয় নয়, ব্যক্তিগত। আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ বলেছেন, নির্দলীয় সরকারের রূপরেখা তাঁদের দল তৈরি করছে। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাঁদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে। তবে নির্দলীয় সরকার নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। সময় হলে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন, মহিলা দল সভাপতি শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।