নির্দলীয় সরকার নিয়ে সমঝোতার সুযোগ নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। এ বিষয়ে বিএনপির এখন সমঝোতা করার কোনো সুযোগ নেই।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাক্ষাত্কারে নির্বাচনকালীন ছোট একটি মন্ত্রিসভার যে প্রস্তাব দিয়েছেন, এটাকে ‘দুরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিয়েছেন। এম কে আনোয়ার দাবি করেন, আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।