নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে আলোচনায় প্রস্তুত বিএনপি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাঁর দল আলোচনার জন্য প্রস্তুত। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার না হোক, অন্য নামে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।গতকাল শনিবার রাতে গুলশান কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতারা দেখা করতে গেলে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।বিএনপির চেয়ারপারসন বলেন, তাঁদের দাবি ছোট ও গ্রহণযোগ্য। আওয়ামী লীগই বিএনপিকে এ পথ শিখিয়েছে। তাই তাদের তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ এটা করতে বাধ্য হবে। খালেদা জিয়া বলেন, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে। এ জন্য ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক ফিরিয়ে না আনলে দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায় সরকারকে নিতে হবে।